বিনোদন ডেস্ক : নওয়াজউদ্দিন সিদ্দিকী। ভারতীয় সিনেমায় একজন মেধাবী অভিনেতার নাম। কোনো ধরণের ঝামেলায় এখন পর্যন্ত তাকে দেখা যায়নি। কিন্তু এবার বোধয় সত্যি সত্যিই ঝামেলায় পড়লেন তিনি। কারণ প্রথমবারের মত তার বিরুদ্ধে থানায় মামলা করলেন এক নারী।
জানা গেছে, মুম্বাইয়ের ভারসুভা থানায় ভারতের ‘মাঝি’ খ্যাত অভিনেতা নওয়াজউদ্দিনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন এক নারী। তার অভিযোগ, গাড়ী পার্কিং নিয়ে অভিনেতা নওয়াজ তার সাথে বাক-বিতণ্ডায় জড়িয়ে যান। এমনকি এক পর্যায়ে এসে জোরে ধাক্কা দিয়ে তাকে ফেলে দেন। আর এমন ঘটনার পরেই পুলিশের স্মরণাপন্ন হন ওই নারী। তবে নওয়াজের পক্ষ থেকে এখন পর্যন্ত কিছু জানা যায়নি।
উল্লেখ্য, অনেক বছর ধরে অভিনয়ের মধ্যে থাকলেও অভিনেতা হিসেবে নওয়াজউদ্দিন আলোচনায় আসেন ভারতের মেধাবী নির্মাতা অনুরাগ কাশ্যপের ‘গ্যাংস অব ওয়াসিপুর’ ছবির মধ্য দিয়ে। এরপর বেশ কিছু সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়াতে সক্ষম হন তিনি। গত বছরে নওয়াজ অভিনীত কবির খানের ‘বজরঙ্গি ভাইজান’ এবং কেতন মেহতার ছবি ‘মাঝি দ্য মাউন্টেন ম্যান’ ব্যাপক প্রশংসিত হয়। বর্তমানে শাহরুখ অভিনীত ‘রইস’ নামের একটি ছবিতে পুলিশ অফিসারের চরিত্র নিয়ে ব্যস্ত আছেন তিনি।

