স্পোর্টস ডেস্ক : প্রথম টি-২০তে পাকিস্তানের কাছে ১৬ রানে হেরেছিল নিউজিল্যান্ড। দ্বিতীয় ম্যাচে আর সেটা হতে দেয়নি স্বাগতিকরা। এবার তারা দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে। রোববার হ্যামিল্টনে পাকিস্তানকে ১০ উইকেটের ব্যবধানে হারায় কেন উইলিয়ামসনের দল। আর তাতে তিন ম্যাচের টি-২০ সিরিজে ১-১ ব্যবধানে সমতায় ফিরল নিউজিল্যান্ড।
টসে জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৮ রান করে পাকিস্তান। জবাবে ১৭.৪ ওভারে (১৪ বল হাতে রেখে) কোনো উইকেট না খুইয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় নিউজিল্যান্ড।
১৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তানী বোলারদের তুলোধুনো করে ছাড়েন মার্টিন গাপটিল ও কেন উইলিয়ামসন। উদ্বোধনী জুটিতে দলের স্কোরশিটে ১৭১ রান জমা করেন এই দুই ওপেনার। তাদের ব্যাটিং নৈপূণ্যে স্বাগতিকদের আর পেছনে তাকাতে হয়নি।
পাকিস্তানের বোলারদের উইকেটবঞ্চিত রেখে অনায়াস জয় তুলে নেয় নিউজিল্যান্ড। ৫৮ বলে ৮৭* রান করেন গাপটিল। তার ইনিংসে ছিল নয়টি চার ও চারটি ছক্কার মার। উইলিয়ামসন করেন ৭২* রান। ৪৮ বলে ১১টি চারের সাহায্যে ইনিংসটি সাজান কিউই অধিনায়ক।
এর আগে পাকিস্তানের উদ্বোধনী জুটিতে ২৯ রান করেন মোহাম্মদ হাফিজ (১৯) ও আহমেদ শেহজাদ (৯)। এই দুই ওপেনার বিদায় নিলে মন্থর গতিতে এগোতে থাকে সফরকারীরা। এরপর শোয়েব মালিক ও উমর আকমলের ব্যাটিংয়ে গতি ফিরে পায় পাকিস্তান। চতুর্থ উইকেট জুটিতে দলের স্কোরশিটে তারা যোগ করেন ৬৩ রান। ৩০ বলে পাঁচ চারে ৩৯ রান করে ম্যাকক্লেনেঘানের শিকার হয়ে সাজঘরে ফেরেন মালিক।
কিন্তু ২৭ বলে ৫৬ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন উমর। গুরুত্বপূর্ণ এই ইনিংসটি তিনি সাজান সমান চারটি করে চার ও ছক্কায়। পাকিস্তানের অধিনায়ক শহিদ আফ্রিদি করেন মাত্র ৭ রান।
নিউজিল্যান্ডের হয়ে ২টি উইকেট নেন ম্যাকক্লেনেঘান। ১টি করে উইকেট পকেটে পুরেছেন মিচেল স্যান্টনার, কোরি অ্যান্ডারসন, অ্যাডাম মিলনে ও গ্রান্ড এলিয়ট। তৃতীয় টি২০ ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ২২ জানুয়ারী ওয়েলিংটনে।

