বিনোদন ডেস্ক : নেচে গেয়ে গাজীপুর জেলার কালীগঞ্জবাসীকে মাতিয়ে তুলেন দেশের জনপ্রিয় কন্ঠশিল্পী আখি আলমগীর ও চ্যানেল আই সেরাকন্ঠ গায়িকা কোনাল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি।
গাজীপুরের কালীগঞ্জে মহান বিজয় দিবস ও ইংরেজী নববর্ষ উপলক্ষ্যে কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের উদ্যোগে মনোজ্ঞ এক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। গত বুধবার সন্ধ্যায় উপজেলার পৌর এলাকার দেওপাড়া গ্রামে মেহের আফরোজ চুমকি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন।
চ্যানেল আই খ্যাত জনপ্রিয় উপস্থাপিকা ফারজানা ব্রাউনিয়ার উপস্থাপনায় শুরুতেই উপস্থিত হাজার হাজার দর্শকদের করতালির মধ্য দিয়ে ঝলমলে মঞ্চকে আরো আলোকিত করে মঞ্চে আসেন কন্ঠশিল্পী কোনাল। তিনি একে একে গেয়ে শোনান- ভাল আছি ভালো থেকো, বাংলাদেশের ঢোল, একদিন বাঙ্গালী ছিলামরে, বসন্ত বাতাশে, শ্রাবনের মেঘসহ বেশ কিছু জনপ্রিয় গান। কোনালের গান যখন চলছিল উপস্থিত দর্শকরা নিজেদের বয়সের পার্থক্য ভুলে সবাই প্রতিমন্ত্রীর সামনে নেচে গেয়ে একাকার। অবশ্য ওই দর্শকদের মধ্য থেকে প্রতিমন্ত্রী চুমকি দুইজনকে পুরস্কৃত করেন। তাদের মধ্যে কালীগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর ষাটোর্ধ আমির হোসেন। উপস্থাপিকা ব্রাউনিয়া তো বলেই ফেললেন আমির হোসেনের শারীরিক বয়স ৬০/৬৫ হলেও তার মনের বয়স ১৯ এবং হৃদয়ের রং কমলা!
কোনাল যখন মঞ্চ থেকে নেমে যাবেন উপস্থিত দর্শকরা তখন ‘আখি আখি’ বলে স্লোগান দিচ্ছিলেন। আখি মঞ্চে এসেই উপস্থিত দর্শকদের সাথে অলিখিত একটি চুক্তি সম্পাদন করে ফেলেন। তিনি গাইতে পারেন যদি উপস্থিত দর্শকরা নাচেন। এ যেন মেঘ না চাইতেন তুফান। সঙ্গে সঙ্গে উপস্থিত দর্শকরাও লাফিয়ে উঠেন। আখি আলমগীর শুরু করেন দোলনা ছবির একটি কালজয়ী ‘তুমি আমার কত চেনা’ গান দিয়ে। এরপর একে একে গেয়ে শুনান- বন্ধু আমার রশিয়া, শ্যাম পিরিতি আমার অন্তরে, জল পড়ে পাতা নড়ে, ঝড়কা ঝাটকা, পিরিতি বিষম কাটাসহ অসংখ্য জনপ্রিয় গান। আখি আলমগীর যখন বললেন এটাই আজকের জন্য তার শেষ, উপস্থিত দর্শকরা তখন হইচই করে উঠেন। তাই দর্শকদের অনুরোধে আখি আলমগীরকে আরো গান গাইতে হলো। অনুষ্ঠান শেষে তৃপ্তির ঢেকুর কাটতে কাটতে দর্শকরা বাড়ী ফিরেন। আর তাদের কন্ঠে গুন গুন করে ছিল আখি ও কোনালের গাওয়া গানগুলো।

