বিনোদন ডেস্ক : ইদানিং সম্পর্ক ভালোই যাচ্ছে পুরনো দুই বন্ধু অর্জুন ও করন খ্যাত অভিনেতা শাহরুখ ও সালমান খানের। মাঝখানে সম্পর্ক নিয়ে দুজনের মধ্যে জটিলতা থাকলেও এখন প্রায়শই একসঙ্গে দেখা মেলে তাদের। কিন্তু ফের বন্ধুত্ব ভোলে গিয়ে আসন্ন ৬১তম ফিল্মফেয়ার উৎসবে সেরা অভিনেতার লড়াইয়ে মুখোমুখি হতে হচ্ছে এই দুই তারকা অভিনেতার!
হিন্দি চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ আর প্রাচীন চলচ্চিত্র পুরস্কারের নাম ‘ফিল্মফেয়ার’। ১৯৫৪ সাল থেকে অনুষ্ঠিত হওয়া সুবিখ্যাত এই চলচ্চিত্র পুরস্কারটি হিন্দি চলচ্চিত্র সম্পর্কিত বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার দিয়ে আসছে। আর এবার সেরা অভিনেতার পুরস্কার নিতে লড়তে মনোনীত হয়েছেন বলিউডের দুই খান!
হ্যাঁ, ৬১তম ফিল্মফেয়ারে চূড়ান্ত মনোনয়নের তালিকা প্রকাশিত হয়েছে। সেরা চলচ্চিত্র, নির্মাতা, অভিনেতা, অভিনেত্রী, পার্শ্ব-চরিত্র, ছবিতে সঙ্গীত পরিচালক, গীতিকার, সুরকার, কণ্ঠশিল্পীসহ আরো বিভিন্ন ক্যাটাগরিতে গুরুত্বপূর্ণ পুরস্কারটি প্রদান করা হবে। আর এই গুরুত্বপূর্ণ পুরস্কারে সেরা অভিনেতা হিসেবে মনোনীত হয়েছেন বজরঙ্গি ভাইজান খ্যাত সালমান খান এবং বলিউড বাদশাহ শাহরুখ খানসহ আরো চারজন। যদিও অনেকে মনে করছেন শেষ পর্যন্ত সেরার মুকুট নিতে লড়াই হতে পারে সালমান ও শাহরুখের!
যদিও এখন পর্যন্ত ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সালমানের চেয়ে শাহরুখ অনেক এগিয়ে। এর আগে ফিল্মফেয়ার সেরা অভিনেতার পুরস্কার ৮বার করে নিয়ে শীর্ষে আছেন যথাক্রমে দিলীপ কুমার, অমিতাভ বচ্চন এবং শাহরুখ খান। নির্মাতা হিসেবে সবচেয়ে বার ফিল্মফেয়ার জিতেছেন বিমল রায়(৭বার)। তারপরেই ৪বার করে সেরার পুরস্কার নিয়ে ২ ও ৩ নম্বরে আছেন যথাক্রমে রাজ কাপুর ও যশ চোপড়া। এছাড়া সেরা সিনেমা হিসেবে সবচেয়ে বেশী পুরস্কার জিতে নিয়েছে ‘ব্ল্যাক’ ছবিটি। ২০০৫ সালে নির্মিত ছবিটি ১১টি ক্যাটাগরিতে পুরস্কার জিতে নিয়েছে। এছাড়া শাহরুখ অভিনীত দিলওয়ালে দুলহানিয়ে লে জায়েঙ্গে এবং দেবদাস ছবিটি ১০টি ক্যাটাগরিতে পুরস্কার নিয়ে ২য় এবং তৃতীয়স্থানে আছে।
১৯৫৬ সালে এই পুরস্কারের জন্য একটি বিশেষ ভোটিং পদ্ধতি প্রবর্তন করা হয়। রাষ্ট্রীয় ফিল্ম পুরস্কার-এ সরকার কর্তৃক নির্ধারিত একটি প্যানেল বিজয়ীদের নির্ধারণ করে। কিন্তু এই পুরস্কার বিজয়ীরা জনতা এবং অভিজ্ঞ কমিটি উভয়ের ভোটেই নির্বাচিত হয়।
আসছে ১৫ জানুয়ারি মুম্বাইয়ের বল্লাভাই প্যাটেল স্টেডিয়ামে ৬১তম ফিল্মফেয়ার-এর চূড়ান্ত উৎসবটি অনুষ্ঠিত হবে। আর এদিনই জানা যাবে, চলতি আসরে কে কে বা কারা কারা পাচ্ছেন ভারতীয় হিন্দি সিনেমায় সেরার মুকুট।
চলতি আসরে চূড়ান্তভাবে মনোনীত সেরা ছবি, নির্মাতা, অভিনেতা-অভিনেত্রী এবং সঙ্গীতজ্ঞদের পূর্ণ নামের তালিকায় দেখে নিন:
‘সেরা’ হিসেবে জন্য মনোনীত ছবিগুলো :
বদলাপুর, বাজিরাও মাস্তানি, বজরঙ্গি ভাইজান, পিকু, তলভার, তনু ওয়েডস মনু রিটার্নস
‘সেরা’ নির্মাতা হিসেবে মনোনীত হলেন যারা:
আনন্দ এল রাই(তনু ওয়েডস মনু রিটার্নস), কবির খান(বজরঙ্গি ভাইজান), মেঘনা গুলজার (তলভার), সঞ্জয় লীলা বনসালি(বাজিরাও মাস্তানি), সুজিত সরকার(পিকু), শ্রীরাম রাঘবন(বদলাপুর)।
সেরা অভিনেতা হিসেবে মনোনীত হলেন যারা:
অমিতাভ বচ্চন(পিকু), রণবীর কাপুর(তামাশা), রনবীর সিং(বাজিরাও মাস্তানি), সালমান খান(বজরঙ্গি ভাইজান), শাহরুখ খান(দিলওয়ালে), বরুণ ধাওয়ান(বদলাপুর)।
সেরা অভিনেত্রী হিসেবে মনোনীত হলেন যারা:
আনুশকা শর্মা(এনএইচ ১০), দীপিকা পাডুকোন(বাজিরাও মাস্তানি এবং পিকু), কাজল(দিলওয়ালে), কঙ্গনা রানাউত(তনু ওয়েডস মনু), সোনম কাপুর(ডলি কি গলি)।
পার্শ্ব চরিত্রাভিনেতা হিসেবে মনোনীত হলেন যারা:
অনিল কাপুর(দিল ধারকানে দো), দীপক দোব্রিয়াল(তনু ওয়েডস মনু রিটার্নস), জিমি শেরগিল(তনু ওয়েডস মনু রিটার্নস), নওয়াজউদ্দিন সিদ্দিকী(বদলাপুর), সঞ্জয় মিশ্র(মাসান)।
পার্শ্ব চরিত্রাভিনেত্রী হিসেবে মনোনীত যারা:
আনুশকা শর্মা(দিল ধরকানে দো), হুমা কোরাইশি(বাদলাপুর), প্রিয়াঙ্কা চোপড়া(বাজিরাও মাস্তানি), শেফালি শাহ(দিল ধারকানে দো), টাবু(দৃশ্যায়ম), তানভি আজমি(বাজিরাও মাস্তানি)।
সেরা সঙ্গীত নির্দেশক:
অঙ্কিত তিওয়ারি, অঞ্জন ও আমাল মালিক: রয়, অনুপম রায়: পিকু, এ আর রহমান: তামাশা, প্রীতম: দিলওয়ালে, সঞ্জয় লীলা বনসালি: বাজিরাও মাস্তানি, শংকর-এহসান ও লয়: দিল ধারকানে দো
সেরা পুরুষ কণ্ঠশিল্পী:
অঙ্কিত তেওয়ারি(তু হ্যা কে নেহি -রয়), অরিজিত সিং(গেরুয়া -দিলওয়ালে), আতিফ আসলাম(জিনা জিনা-বদলাপুর), পাপন(মোহ মোহ কে দাগে -দম লাগা কে হেইসা, বিশাল দাদলানি(গুলাবো-শানদার)।
সেরা নারী কণ্ঠশিল্পী:
অলকা ইয়াগনিক(আগার তুম সাথ হো-তামাশা), অনুশা মনি(গুলাবো-শানদার), মোনালি ঠাকুর(মোহ মোহ কে দাগে-দম লাগা কে হেইসা), পলক মুচ্ছল(প্রেম রতন ধান পায়ো -প্রেম রতন ধান পায়ো), প্রিয়া সারাইয়া(সুন সাথিয়া-এবিসিডি ২), শ্রেয়া ঘোষাল(দিওয়ানি মাস্তানি-বাজিরাও মাস্তানি)।

