স্পোর্টস ডেস্ক : ক্রিকেটে পাক-ভারত লড়াই মানেই উত্তেজনা। ২০১৬ সালে এই লড়াই উপভোগ করার অপেক্ষায় ছিলেন ক্রিকেটপ্রেমীরা। কিন্তু উপভোগের দরজাটা আপাতত বন্ধ হয়ে গেছে বিসিসিআইয়ের সেক্রেটারি অনুরাগ ঠাকুরের কথায়। এ বছর দ্বিপক্ষীয় সিরিজ আয়েজনে পাকিস্তানকে ‘না’ বললেন তিনি।
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে অনুরাগ বলেন, ‘২০১৬ সালে পাকিস্তানের বিপক্ষে কোনো দ্বিপক্ষীয় সিরিজ খেলবে না ভারত। তবে প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে তাদের বিপক্ষে খেলবে ধোনি-কোহলিরা।’
এ বছর ঘরের মাঠে টি-২০ বিশ্বকাপ আয়োজন করছে ভারত। সেখানে পাকিস্তানকে স্বাগত জানাবে তারা। এছাড়া বাংলাদেশে অনুষ্ঠেয় এশিয়া কাপেও চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে খেলতে আপত্তি নেই টিম ইন্ডিয়ার।
২০০৭ সালে পাকিস্তানের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলেছিল ভারত। ২০১২ সালে ভারতের মাটিতে আয়োজন করে শুধু দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ। এরপর দুই দেশের কূটনৈতিক জটিলতার কারণে কোনো সিরিজ আয়োজন করেনি পাক-ভারত।
গত বছর এ নিয়ে আলোচনা হলেও আলোর মুখ দেখেনি। কে জানে, কখন দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হবে, আর উত্তেজনাপূর্ণ পাক-ভারত লড়াই উপভোগ করার মওকা মিলবে ক্রিকেটপ্রেমীদের? উত্তরটা অবশ্য সময়ই বলে দেবে।

