স্পোর্টস ডেস্ক : বঙ্গবন্ধু গোল্ডকাপের সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে ভালোভাবেই টিকে থাকল নেপাল। বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ১-০ গোলে হারিয়েছে তারা। এর আগে মালয়েশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে গোলশূন্য ড্র করে নেপাল। শেষ ম্যাচ ১৫ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টায় স্বাগতিক বাংলাদেশ জাতীয় দলের বিপক্ষে অনুষ্ঠিত হবে।
নেপাল ম্যাচের শুরুতেই গোল করে এগিয়ে যায়। ৪ মিনিটে বাম দিক থেকে অঞ্জন বিস্তার ক্রসে প্লেসিং শটে লক্ষ্যভেদ করেন নেপালের বিমল গাত্রি মাগার (১-০)। ২২ মিনিটে সমতায় ফেরার একটা সুযোগ পায় শ্রীলঙ্কা। সেই সুযোগ মিস করেন নানারুবান। মিডফিল্ডার সাজিত কুমারার মাইনাস থেকে নানারুবানের ব্যাকহিল অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। তিন মিনিটের ব্যবধানে নারুবানের পাস থেকে কাভিন্দু ইসান আরেকদফা মিস করেন সমতা ফেরানোর সুযোগ।
ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পেয়েছে নেপালও। ৪১ মিনিটে বিশাল রায়ের শট খুব সহজেই আয়ত্বে নিয়েছেন লঙ্কান গোলরক্ষক রাওয়ান। প্রথমার্ধের শেষ মিনিটে হিমেন গৌরাঙ্গের কর্নার বক্সে পেয়েও নেপালের একাধিক ফুটবলার তা কাজে লাগাতে পারেননি। বল ক্লিয়ার করেন লঙ্কান ডিফেন্ডাররা। ইনজুরি সময়ে অঞ্জন বিস্তার শট দক্ষতার সঙ্গেই ক্লিয়ার করেছে লঙ্কান ডিফেন্স। প্রথমার্ধে আর কোন গোল হয়নি। ফলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় নেপাল।
দ্বিতীয়ার্ধেও নেপাল সুযোগ পেয়েছে গোলের। ৫১ মিনিটে সেই সুযোগ নষ্ট করেন দলটির মিডফিল্ডার হিমেল গোরাঙ্গ। ৫৮ মিনিটে বক্সের কর্নার থেকে বিক্রম লামার শট বারের উপর দিয়ে চলে যাওয়ায় আরেকদফা গোলবঞ্চিত হয় নেপাল। ৬৫ মিনিটে বিমল গাত্রির প্রচেষ্টা রুখে দেন লঙ্কান গোলরক্ষক। বিমল আরো কয়েকদফা গোলের চেষ্টা করে ব্যর্থ হন। তাই নেপাল আর ব্যবধান বাড়াতে পারেনি। তবে ব্যবধান না বাড়াতে পারলেও লঙ্কানদের বিপক্ষে পূর্ণ পয়েন্ট আদায় করে মাঠ ছাড়তে সক্ষম হয় নেপাল।

