স্পোর্টস ডেস্ক : ফেব্রয়ারিতে বাংলাদেশকে বসবে টি২০ ফরম্যাটের এশিয়া কাপ। তার আগে আগামী শুক্রবার থেকে শুরু হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে চার ম্যাচের টি২০ সিরিজ। এই সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে এবার বাংলাদেশে এসেছে সফরকরী জিম্বাবুয়ে দল। বৃহস্পতিবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে সফরকারীদের অনুশীলন শেষে এমনটাই জানালেন জিম্বাবুয়ের প্রধান কোচ ডেভ হোয়াটমোর।
সদ্য সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে এবং টি২০ সিরিজে হেরেছে জিম্বাবুয়ে। তারপরও বাংলাদেশের বিপক্ষে টি২০ ম্যাচে জয়ে চোখ অতিথি দলের কোচের। এ প্রসঙ্গে ডেভ হোয়াটমোর বলেন, ‘আমরা আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে এবং টি২০ সিরিজ হেরেছি, এ কথা সত্যি। তবে ওইসব ম্যাচে আমাদের প্রাপ্তিও আছে অনেক। তারপর ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ দল যতোটা ভালো খেলে সেই অনুপাতে এখনো টি২০ ফরম্যাটে ভালো দলে পরিণত হতে পারেনি। তাই আমরা এই সুযোগটাকে কাজে লাগাতে চাই।’
টি২০ বিশ্বকাপের আগে ১০টি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে জিম্বাবুয়ে দল। আর এই ম্যাচগুলোতে দলের জন্য ভালো একটা কম্বিনেশনও দাঁড় করানোর ইচ্ছাও রয়েছে হোযাটমোরের।
এ বিষয়ে তিনি বলেন, ‘টি২০ বিশ্বকাপের আগে আমরা ১০টি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছি। ফলে এই ম্যাচগুলো খেলে টি২০ বিশ্বকাপের আগে দলের সেরা একটা কম্বিনেশন দাঁড় করাতে চাই। তাই এই সিরিজে কিছুটা পরীক্ষ-নিরীক্ষা করা হলেও আমাদের মুল লক্ষ্য থাকবে প্রতিটি ম্যাচ জেতা। সেজন্য আমরা ম্যাচ বাই ম্যাচ এগিয়ে যেতে চাই।’

