স্পোর্টস ডেস্ক : চার ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে আজ শুরু হচ্ছে প্রথম শ্রেণির ক্রিকেট টুর্নামেন্ট বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) লংগার ভার্সনের চতুর্থ আসর। এবারের ম্যাচগুলো হবে রাজশাহী আর বগুড়ার ভেন্যুতে। ডাবল লিগ পদ্ধতির বিসিএলের সময়সূচি সোমবার ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিএলের চতুর্থ আসরের প্রথম রাউন্ডে রাজশাহী কামরুজ্জামান স্টেডিয়ামে মুখোমখি হবে প্রাইম ব্যাংক সাউথ জোন ও বিসিবি নর্থজোন। অপরদিকে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে মুখোমুখি হবে ইসলামি ব্যাংক ইস্টজোন ও ওয়ালটন সেন্ট্রাল জোন। মঙ্গলবার দুটি ম্যাচই শুরু হবে সকাল ৯ টায়।
সৌম্য সরকারের দুর্দান্ত ব্যাটিং, আল-আমিন হোসেন ও মুস্তাফিজুর রহমানের বোলিংয়ে আগের আসরে চ্যাম্পিয়ন হয়েছিল প্রাইম ব্যাংক সাউথ জোন। বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) লংগার ভার্সনে এবার খেলতে পারছেন না তারা। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ থাকায় জাতীয় দল নিয়েই ব্যস্ত থাকবেন সৌম্যরা। তবে অধিনায়ক আব্দুর রাজ্জাকের নেতৃত্বে রাজশাহীতে বিসিবি উত্তরাঞ্চলের বিপক্ষে মঙ্গলবার প্রথম ম্যাচে মাঠে নামবে প্রাইম ব্যাংক সাউথ জোন।
ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক বিসিএল দিয়েই নতুন বছরের ঘরোয়া ক্রিকেট শুরু হচ্ছে। জাতীয় দলের ক্রিকেটাররা না থাকায় কিছুটা জৌলুস হারাচ্ছে বটে। এমনকি টুর্নামেন্ট শুরুর আগের দিনও বিসিএলের স্পন্সর ঠিক হয়নি। চার দলের মধ্যে ফ্র্যাঞ্জাইজির অভাবে উত্তরাঞ্চল চালায় বিসিবি। টুর্নামেন্ট শুরুর আগে খেলোয়াড় বাছাই নিয়েও ঝামেলা হয়েছে। তবে এবারই প্রথম ডাবল লিগ পদ্ধতিতে টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। ফাইনাল ম্যাচ থাকছে না। পয়েন্ট টেবিলের শীর্ষ দলই চ্যাম্পিয়ন হবে। আসরের শেষ ম্যাচ শুরু হবে ১৬ ফেব্রুয়ারি।
সোমবার বিসিএলের সূচি ঘোষণা করেছে বিসিবি। তবে দুই রাউন্ড পরই বিসিএল বন্ধ হয়ে যেতে পারে বলে বিসিবির সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। কারণ জাতীয় দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে বাংলাদেশ দলের ক্যাম্পে ২৫ ক্রিকেটারকে চান। তাই আসন্ন জিম্বাবুয়ে সিরিজের পরও ক্যাম্প চলবে জাতীয় দলের। এশিয়া কাপ ও টি-২০ বিশ্বকাপের প্রস্তুতিতে জাতীয় দলের স্বার্থেই ক্যাম্পে এত ক্রিকেটার রাখতে চান বাংলাদেশের কোচ।

