আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রকে ভয় দেখাতে এবং তাদের হাত থেকে বাঁচতেই হাইড্রোজেন বোমার পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে দাবি করেছে উত্তর কোরিয়া। নিজেদের নির্দোষ প্রমাণ করতেই এমন যুক্তি দাঁড় করিয়েছে উত্তর কোরিয়া। এসময় দুই প্রাক্তন রাষ্ট্রনেতার করুণ পরিণতির উদাহারন তুলে ধরা হয়েছে। উত্তর কোরিয়ার দাবি, ইরাকের সাদ্দাম হুসেন এবং লিবিয়ার মুয়াম্মার গাদ্দাফিকে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা শক্তির সামনে পরে নিশ্চিহ্ন হতে হয়েছে নিজেদের শক্ত অবস্থান না থাকার কারণে।
কোনো দেশ পরমাণু অস্ত্রের স্বপ্ন দেখলেই, তাদের হাল ইরাক কিংবা লিবিয়ার মতো করে দেওয়া হবে বলে ভয়ের পরিবেশ তৈরি করছে যুক্তরাষ্ট্র। এমনটাই অভিযোগ উত্তর কোরিয়ার। দেশটির বিভিন্ন সংবাদ মাধ্যম ক্ষেপণাস্ত্র এবং অস্ত্রসহ ডুবোজাহাজ উদ্বোধনের ফুটেজে এমন তথ্যই প্রচার করা হয়েছে। ওই ফুটেজে একটি সেনা ভেসেলে কোট এবং টুপি পরে দাঁড়িয়ে থাকা উত্তর কোরিয়ার একনায়ক কিম জং উনকে দেখানো হয়েছে।
এদিকে হাইড্রোজেন বোমা পরীক্ষার কারণে ক্ষেপে গিয়েছে দক্ষিণ কোরিয়া। আর তাই দক্ষিণ কোরিয়াকে শত্রু হিসেবে উল্লেখ করেছে উত্তর কোরিয়া। শুধু তাই নয় যুদ্ধ ও সংঘাত তৈরিতে এক তরফা দক্ষিণ কোরিয়াকেই দায়ী করছে পিয়ং ইয়ং। উত্তর কোরিয়ার অভিযোগ, কোরিয় উপদ্বীপকে রণক্ষেত্রে পরিণত করতে চাইছে দক্ষিণ কোরিয়া। তাদের হাইড্রোজেন বোমার পরীক্ষামূলক বিস্ফোরণ সফল হওয়ায় হিংসায় সিওল এসব করাচ্ছে। শুধু তাই নয় দক্ষিণ কোরিয়ার মাটিতে যেন মার্কিন ক্ষেপণাস্ত্র মোতায়েন করা যায় এজন্য ওয়াশিংটনের কাছেও অনুরোধ করেছে দক্ষিণ কোরিয়া।

