আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের পশ্চিম তীরবর্তী শহর বালিকএসিতে শরণার্থীদের বহনকারী একটি বাস দুর্ঘটনায় এক তুর্কি নাগরিকসহ কমপক্ষে ৮ জন নিহত হয়েছে। শনিবার ওই দুর্ঘটনায় আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে আরো ৪২ শরণার্থীকে।
তাদের নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৭ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসতাপাল কর্তৃপক্ষ। শরণার্থী বোঝাই বাসটি আজিয়ান সাগরের তীরে পৌঁছানোর উদ্দেশ্যে রওনা হয়েছিলো বলে জানিয়েছেন আহতরা। সেখান থেকে সাগর পথে গ্রিসের লেসবস যাবার পরিকল্পনা ছিলো তাদের। দুর্ঘটনায় প্রাণ হারানো বাসের চালক ব্যাতিত সবাই শরণার্থী বিদেশী নাগরিক। তবে ওই শরণার্থীরা কোন দেশের নাগরিক তা এখনও জানা যায়নি।
ওই দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনও কিছু জানানো হয়নি। তবে ইতোমধ্যেই পুলিশ ওই দুর্ঘটনার তদন্তে কাজ শুরু করেছে।

