আন্তর্জাতিক ডেস্ক : রমজান মাসে ব্রিটেনে মুসলমান শিক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। রোজা রেখেও তারা যেন ভালভাবে পরীক্ষা দিতে পারে সেজন্য সরকার পরীক্ষার সময়সূচীতে ব্যাপক পরিবর্তন এনেছে। আগামী গ্রীষ্ম মৌসুম অর্থাৎ জুন মাস থেকেই এই নতুন সময়সূচী কার্যকর করা হবে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
জিসিএসই এবং এ-লেভেল পর্যায়ের ইংরেজি এবং গণিতসহ যেসব বিষয়ে শিক্ষার্থী বেশি সেখানে মুসলমান শিক্ষার্থীরা আগেই পরীক্ষা দিতে পারবে বলে জানিয়েছেন পরীক্ষা বিভাগের কর্মকর্তারা। এমনকি তারা যেন রোজা রেখে দিনের প্রথম দিকেই পরীক্ষা দিতে পারে সে ব্যবস্থাও করা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
সরকারি কর্মকর্তারা আরো জানিয়েছেন, স্কুলের ছাত্র, শিক্ষক এবং অভিভাবকদের পক্ষ থেকে এ বিষয়ে দাবি উঠেছিল। ওই দাবির ওপর ভিত্তি করেই এই পদক্ষেপ নেয়া হয়েছে। ব্রিটেনে রোজার দিন দীর্ঘ ১৮-২০ ঘণ্টা দীর্ঘ হয়। এত দীর্ঘ সময় ধরে রোজা রাখার ফলে স্কুলের ছাত্রছাত্রীরা প্রায়ই অসুস্থ হয়ে পড়ে। ফলে এর নেতিবাচক প্রভাব পড়ে পরীক্ষায়। সেখানে স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের মধ্যে শতকরা ৮.১ ভাগ মুসলমান।
পরীক্ষার সময়সূচীকে সামনে এগিয়ে নেয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ব্রিটেনের প্রধান শিক্ষকদের সংগঠন অ্যাসোাসিয়েশন অফ স্কুল অ্যান্ড কলেজ লিডার্স। এর সভাপতি ম্যালকম ট্রব জানিয়েছেন,‘ মুসলমান শিক্ষার্থীরা যাতে ভালভাবেই রোজার মাসটি পালন করতে পারে সে জন্য আমরা তৎপর। আর এ কারণেই এধরনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।’ তারা আরো জানিয়েছেন, সব ধর্মের শিক্ষার্থীদের তারা সমান চোখে দেখেন। আর তারা চান প্রত্যেকেই যেন ভালোভাবে লেখাপড়া করতে পারে।

