আন্তর্জাতিক ডেস্ক : মঙ্গলবার বন্দুক সংক্রান্ত সহিংসতার নিন্দা করে বিবৃতি প্রদানকালে সহিংতায় নিহতদের কথা স্মরণ করে কেঁদে ফেলেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা। তাকে বেশ কয়েকবার চোখ মুছতে দেখা গেছে। তবে জনসম্মুখে এধরনের ঘটনায় নিজেই বিস্মিত হয়েছেন বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন ওবামা। আসলে অনেকটা আবেগতাড়িত হয়েই এমন কাণ্ড ঘটিয়েছেন তিনি। এ সম্পর্কে তিনি বলেছেন, ‘ আমি নিজেও বিস্মিত। আমার মনে হয়, ওই মুহূর্তে অনেকেই বিস্মিত হয়েছিল।’
সেসময় তিনি জানিয়েছিলেন, বিভিন্ন সহিংসতায় নিহত শিশুদের কথা মনে হলে তিনি খুবই ব্যথিত হন। আর এ কারণেই তিনি বন্দুক ক্রয়ের ক্ষেত্রে কড়াকড়ি আরোপের জন্য নির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করবেন। এক্ষেত্রে তিনি তার কার্যনির্বাহী ক্ষমতা প্রয়োগ করবেন। তবে কংগ্রেস যদি তাকে এ ব্যাপারে সমর্থন নাও করে তবুও তিনি পিছিয়ে যাবেন না বলে বিবৃতিতে জানিয়েছেন ওবামা।
বন্দুক নিয়ন্ত্রণ সম্পর্কে নতুন ঘোষণা প্রদানকালে ওবামা ২০১২ সালের ১৪ ডিসেম্বর স্যান্ডি হুক এলিমেনটারি স্কুলে ২০ শিশুর হত্যাকাণ্ডের কথা তুলে ধরেন। নিহত শিশুদের স্বজনদের মাঝখানে থেকে বক্তৃতা প্রদানকালে ওবামা বলেন, ‘সব সময় আমি ওই শিশুদের কথা চিন্তা করি। যখনই তাদের হত্যাকাণ্ডের কথা আমার মনে হলে আমি পাগল হয়ে যাই।’
ওবামা নিহত শিশুদের কথা বলতে গিয়ে তিনি জানিয়েছেন, এ ঘটনা সবসময় তাকে কষ্ট দেয়। আর এ কারণেই ওই শিশুদের কথা মনে হলে নিজেকে সামলাতে পারেন না তিনি।

