ঢাকাTuesday , 8 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নভেম্বরে রেকর্ড রাজস্ব আদায় এনবিআরের

Link Copied!

NBRঅর্থনৈতিক প্রতিবেদক : সদ্য সমাপ্ত নভেম্বরে রেকর্ড পরিমাণ রাজস্ব আদায় করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ওই মাসে আদায় হয়েছে ১২ হাজার ৬৮ কোটি ২ লাখ টাকা; যা গত অর্থবছরের নভেম্বরের তুলনায় প্রায় ২ হাজার ৩৩৮ কোটি ১৫ লাখ টাকা বেশি। নভেম্বরে রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি হার ২৩.৩৪ শতাংশ।
এনবিআর সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি হার ১৪ শতাংশ। অর্থবছরেরর প্রথম চার মাসে প্রবৃদ্ধি ছিল ১০.৪৪ শতাংশ। জুলাই, আগস্ট ও সেপ্টেম্বরে এই হার যথাক্রমে ছিল দশমিক ৫৫ শতাংশ, ৭.৭২ শতাংশ ও ৯.৬০ শতাংশ। এ তথ্য অনুযায়ী, ক্রমান্বয়ে রাজস্ব আদায়ের পরিমাণ ঊর্ধ্বমুখি। গত অর্থবছরে (২০১৪-১৫) রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি ছিল ১৭.২৮ শতাংশ। চলতি বছরের এই প্রবৃদ্ধি অর্জনের লক্ষমাত্রা রয়েছে ২৯ শতাংশ।
এ বিষয়ে এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান বলেন, এনবিআরে বর্তমানে সুশাসন প্রতিষ্ঠার বাস্তব পদক্ষেপ নেয়া হয়েছে। যোগ্য কর্মকর্তাকে গুরুত্বপূর্ণ স্থানে পদায়ন, ব্যবসায়ীদের সঙ্গে সুসম্পর্ক স্থাপনের মাধ্যমে হয়রানি রোধে ব্যবস্থা নেয়া, সরকারের বিভিন্ন সংস্থা ও ব্যক্তিদের কর আদায়ে সম্পৃক্ত করা এবং রাজস্ব আদায়ে কঠোর মনিটরিংয়ের মাধ্যমে এটি সম্ভব হচ্ছে।
তিনি বলেন, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু প্রকল্পসহ নানা প্রকল্প বাস্তবায়ন, সরকারের নতুন পে-স্কেল এবং সরকারের অন্যান্য ব্যয় নির্বাহের জন্য লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব আদায় এনবিআরের জন্য একটি চ্যালেঞ্জ হলেও তা এখন হাতের মুঠোয়।
চলতি অর্থবছরের নভেম্বরে সবচেয়ে বেশি রাজস্ব আদায় হয়েছে মূল্য সংযোজন কর (ভ্যাট) খাতে। ভ্যাট খাতে এই প্রবৃদ্ধির হার প্রায় ৩২.৪৯ শতাংশ। এরপর কাস্টমস খাতে ২৬.৭২ শতাংশ, আয়কর খাতে ১০.৭৭ শতাংশ।
আয়কর খাতে সর্বোচ্চ লক্ষ্যমাত্রা ধরা হলেও নভেম্বরে কম হওয়ার কারণ হিসেবে এনবিআর সূত্রের বক্তব্য, দ্বিতীয় প্রান্তিকে কিস্তিতে কর জমা দেয়ার সময় ডিসেম্বর। ডিসেম্বরে এই হার বেড়ে যাবে। ভ্যাট খাতে বেশি হওয়ার কারণ কঠোর নজরদারি ও  বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে অনাদায়ী রাজস্ব আদায়ে সাফল্য। ভ্যাটের মধ্যে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি হয়েছে চট্টগ্রাম ভ্যাট কমিশনারেটে। এই কমিশনারেটের নভেম্বরের প্রবৃদ্ধি ১৩৮.৯১ শতাংশ। এরপর বৃহৎ করদাতা ইউনিটের প্রবৃদ্ধি ৪০.৪৫ শতাংশ। কাস্টমস খাতে চট্টগ্রাম শুল্ক ভবনও তুলনামূলক ভালো করেছে।
চলতি বছরের প্রথম পাঁচ মাসে মোট রাজস্ব আদায় হয়েছে ৫৪ হাজার ৪০৭ কোটি ৬৯ লাখ টাকা। রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৬২ হাজার ৭১৫ কোটি ৬০লাখ টাকা। বিগত অর্থবছরের একই সময়ে রাজস্ব আদায়ের পরিমাণ ছিল ৪৭ হাজার ৭৩০ কোটি ৮ লাখ টাকা।
লক্ষ্যমাত্রার চেয়ে রাজস্ব কম আদায়ের বিষয়ে এনবিআর বলছে, অর্থনীতির গতি অনুযায়ী অর্থবছরের শেষের অংশে রাজস্ব আদায় বেশি হয়ে থাকে। বাৎসরিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন বছরের শেষের দিকে বেশি হয়। আগের বছরগুলোতে শেষের ছয় মাসে বেশি টার্গেট ধরা হতো। বর্তমান অর্থবছরে কৌশলগত কারণে এবং কর্মকর্তাদের জবাবদিহিতা নিশ্চিত করার জন্য সকল মাসে সমান টার্গেট নির্ধারণ করা হয়েছে। এনবিআরের কঠোর মনিটরিংয়ের কারণে বছর শেষে রাজস্ব আদায় লক্ষ্যমাত্রাকে ছাড়িয়ে যাবে।
চেয়ারম্যান নজিবুর রহমান বলেন, এনবিআরের সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের সদিচ্ছা ও অঙ্গিকার প্রশংসনীয়। অর্থবছর শেষে নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব আদায়ে ইতিবাচক প্রভাব পড়বে।