ঝিনাইদহ প্রতিনিধি : প্রায় ১৫০ কোটি টাকা লোকসানের বোঝা ও প্রায় ৬০ কোটি টাকার চিনি অবিক্রিত রেখেই ঝিনাইদহের মোবারকগঞ্জ চিনিকলে ২০১৫-১৬ আখ মাড়াই মওসুম উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার দুপুর ১২টায় ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য ও সাবেক মৎস্য ও প্রাণি সম্পদ প্রতিমন্ত্রী আব্দুল হাই প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মওসুমের উদ্বোধন করেন।
বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান একেএম দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার।
এতে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট ওয়াহেদ জোয়ার্দ্দার, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিক ঠাণ্ডু, মোবারকগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো. দেলোয়ার হোসেন, কেরু অ্যান্ড কোং এর ব্যবস্থাপনা পরিচালক এবিএম আরশেদ আহম্মেদ, কোঁটচাদপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার জাহিদুল ইসলাম, বাংলাদেশ চিনিকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি আতিয়ার রহমান, মোবারকগঞ্জ চিনিকল শ্রমিক ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম নবী, আখচাষী কল্যাণ সমিতির সভাপতি জরুহুল ইসলাম প্রমুখ।
এবারের মওসুমে ৭৫ হাজার টন আখ মাড়াই করে পাঁচ হাজার ৬২৫ টন চিনি আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। মিলটি এবার ৬০ কর্মদিবস চলবে। চিনিকলে ২০১৫-১৬ মাড়াই মওসুমে আখ সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল এক লাখ ১০ হাজার টন। আর চিনি আহরণের লক্ষ্যমাত্রা ছিল আট হাজার ২৫০ টন। তবে সে লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি।

