ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী আশুগঞ্জ কারখানা থেকে সার উত্তোলন শুরু করেছে ডিলাররা।
বুধবার দুপুর থেকে সার উত্তোলন শুরু হয় বলে নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া সার সমিতির সভাপতি রুহুল আমিন ভূইয়া বকুল।
তিনি আরো জানান, প্লাস্টিকের পরিবর্তে পাটের বস্তায় সার প্যাকেট জাতের সরকারি সিদ্ধান্ত প্রত্যাহারে দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দুই দিন বন্ধ থাকে আশুগঞ্জ সার কারখানা থেকে ৭ জেলার সার উত্তোলন। পরে সরকারের পক্ষ থেকে এ বিষয়ে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী আশুগঞ্জ সার কারখানা থেকে সার উত্তোলন শুরু করেছে ডিলাররা।
উল্লেখ্য, মঙ্গলবার সকাল থেকে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচির সিদ্ধান্তের অংশ হিসেবে সার সমিতির নেতারা সার উত্তোলন ও বিক্রি বন্ধ রাখে। এতে করে আশুগঞ্জ সার কারখানার কমান্ড এরিয়াভুক্ত ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, কিশোরগঞ্জ, নেত্রকোনা, সুনামগঞ্জ, হবিগঞ্জ জেলায় ৭শ ৪৮জন ডিলার তাদের সার উত্তোলন ও বিক্রি বন্ধ করে দেয়।

