বিনোদন প্রতিবেদক : নীলা ডিসোসিয়েটিভ সিনড্রম নামের এক জটিল মানসিক রোগে আক্রান্ত। এই রোগীরা কোনো প্রিয় চরিত্রকে নিজের পরিচয় ভুলে নিজেকে সেই মানুষটা ভাবতে ভালোবাসে। নীলাও তাই। ছোটবেলা থেকেই ছবি আঁকার প্রতি ছিলো তার প্রচন্ড আসক্তি। বিয়ের পর সেই সুযোগ সে পেয়ে যায়। একদিন এক আর্ট এক্সিবিশনে কল্পনা চ্যাটার্জি নামের এক শিল্পীর সাথে তার পরিচয় হয় এবং তারপর থেকেই সে নিজেকে কল্পনা চ্যাটার্জি ভাবতে থাকে। পূর্বের কাউকে সে চিনতে পারে না, এমনকি নিজের স্বামীকেও না। অথচ দেখতে শুনতে একেবারেই স্বাভাবিক।
এ নিয়ে নানা জটিলতার মধ্য দিয়ে এগিয়ে যায় টেলিফিল্ম ‘কল্পনার ক্যানভাস’। ময়ূখ বারীর রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন নাঈম, ফারহানা মিলি প্রমুখ। ৫ নভেম্বর, বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টা ৫০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে টেলিফিল্মটি।

