বিনোদন ডেস্ক : বলিউডের মেধাবী অভিনেতার খেতাব এরই মধ্যে নিজের নামের সাথে মিশে গেছে, প্রান্তিক পরিবেশ থেকে উঠে এসে বলিউডের মত চ্যালেঞ্জিং জায়গায় নিজের অবস্থান পাকাপোক্তও করে ফেলেছেন ‘মাঝি’ খ্যাত অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী। এবার তিনি নামলেন অন্য মিশনে! তার নতুন মিশন নিজের দেশের কৃষকদের দুর্দিনে পাশে দাঁড়ানো।
কৃষকদের পাশে দাঁড়ানো বিষয়ে নওয়াজ নিজেকে একজন কৃষকপুত্র দাবী করে সংবাদ মাধ্যমে বলেন, ‘আমি একজন কৃষকের ছেলে। আর তাই আমি জানি ভারতের কৃষকদের সংগ্রাম আর সংকটের জায়গাগুলো। দিনের পর দিন তারা যে হারখাটুনি করে আমাদের অন্ন ব্যবস্থা নিশ্চিত করছে, তা আমার খুব ভালোই জানা আছে। আর তাই তাদের পাশে দাঁড়ানোর পরিকল্পনা করছি। এভাবেই বলছিলেন ‘গ্যাংস অব ওয়াসিপুর’ খ্যাত অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী।
যে কৃষক রাতদিন পরিশ্রম করে আমাদের বিশাল সংখ্যক মানুষের অন্ন যোগান দেন, অথচ সেই কৃষকই রাষ্ট্রে সবচেয়ে নিগৃহিত, সুবিধা বঞ্চিত। আর তাই তাদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন নওয়াজউদ্দিন। শুধু তাই না নওয়াজ তার ফ্যান, ফলোয়ার আর শুভাকাঙ্ক্ষিদেরও কৃষকদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। এ প্রসঙ্গে টু্ইটারে নওয়াজ তার ফ্যান, ফলোয়ারদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, আমি কৃষকের ছেলে। আমি জানি কৃষকের সংগ্রাম সম্পর্কে। দয়া করে আমার সাথে কৃষক উন্নয়ন প্রকল্পে যোগ দিন। এবং ভারতের কৃষকদের পাশে দাঁড়ান।
এছাড়া নওয়াজ সংবাদ মাধ্যমে আরো বলেন, শুধু রাষ্ট্র ব্যবস্থা নয়, আবহাওয়াও কৃষকদের সাথে প্রতারণা করে। সারাক্ষণই নারী-পুরুষদের সেই প্রতিকূল পরিবেশের বিরুদ্ধে সংগ্রাম জারি রাখতে হয়, এবং তা প্রতিদিনই। আর এইজন্যই আমরা কৃষকদের জন্য একটা তহবিল গঠন করছি, যেখান থেকে কৃষকদের স্বার্থে খরচ করা হবে।
উল্লেখ্য, এক যুগেরও বেশী সময় ধরে অভিনয় জগতে আছেন ‘মাঝি’ খ্যাত অভিনেতা নওয়াজউদ্দিন। অথচ বছর তিনেক আগেও তাকে কেউ চিনতই না। ২০১২ সালে অনুরাগ কাশ্যপের ‘গ্যাংস অব ওয়াসিপুর’-এর মাধ্যমে লাইম লাইটে আসেন তিনি। এরপর একে একে অভিনয় করেন বেশকিছু ছবিতে। সব শ্রেণির ছবিতেই উৎরে যান নওয়াজ। মশল্লাদার ছবি থেকে শুরু করে একেবারে অফবিট ছবিতেও মাৎ করে দেন তিনি। নওয়াজ অভিনীত সর্বশেষ ছবি মুক্তি পেয়েছে চলতি বছরের আগস্টে। ছবির নাম ‘মাঝি: দ্য মাউন্টেন ম্যান’। ছবিটি সত্য কাহিনীর উপর নির্মিত। মাঝির চরিত্রে নওয়াজের অভিনয় সব শ্রেণির দর্শককে যে মুগ্ধ করেছে তার প্রমান হল বক্স অফিসে ছবিটি এরইমধ্যে ‘হিট’-এর তালিকায় চলে গেছে। যদিও ছবি মুক্তির আগেই ইন্টারনেটে কোনোভাবে ফাঁস হয়ে গিয়েছিল ছবিটি, কিন্তু তারপরেও দর্শক হলে গিয়ে নওয়াজউদ্দিনকে দেখেছেন। এছাড়া সুপারস্টার অভিনেতা সালমান খানের সাথে ‘বজরঙ্গি ভাইজান’ ছবিতে দারুণ অভিনয় করে প্রশংসিত হয়েছেন তিনি।

