স্পোর্টস ডেস্ক : কিছুদিন আগে ইংল্যান্ডের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার মালিক বনেন ওয়েন রুনি। এবার আরেকটি রেকর্ডের পথে এগিয়ে যাচ্ছেন তিনি। মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের চতুর্থ ম্যাচে সিএসকেএ মস্কোর বিপক্ষে জয়সূচক গোল করে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসলেন এই ইংলিশ স্ট্রাইকার।
মঙ্গলবার ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে মস্কোর বিপক্ষে রুনির করা গোলটি ইউনাইটেডের জার্সি গায়ে ২৩৭তম গোল। এই গোলের মাধ্যমে ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকায় যৌথভাবে দ্বিতীয় স্থানে উঠে আসেন রুনি। তার সমান ২৩৭ গোল করেন সাবেক কিংবদন্তী তারকা ডেনিস ল।
ইংল্যান্ড ও ম্যানচেস্টার ইউনাইটেডের অধিনায়ক ওয়েন রুনি ৪০৩ মিনিট পর গোলের দেখা পেলেন। গত ১৭ অক্টোবর এভারটনের বিপক্ষে গডিনসন পার্কে গোল করার পর থেকেই গোল-খরায় ভুগছিলেন রুনি। মঙ্গলবার অবশেষে গোলের দেখা পেলেন এই ইংলিশ স্ট্রাইকার।
ইউনাইটেডের হয়ে ৪৯৬ ম্যাচে এই নিয়ে ২৩৭ গোল করলেন রুনি। আর ৪০৪ ম্যাচে সমান ২৩৭ গোল করেন ডেনিস ল। ৭৫৮ ম্যাচে ২৪৯ গোল নিয়ে সবার ওপরে রয়েছেন সাবেক ইংলিশ কিংবদন্তী তারকা ববি চার্লটন। চলতি মৌসুমেই চার্লটনকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ রয়েছে রুনির সামনে। কিছুদিন আগে এই চার্লটনকে টপকেই দেশের হয়ে সর্বোচ্চ গোলের মালিক বনেন রুনি।
ডেনিস ল’র মতো কিংবদন্তী তারকার পাশে বসতে পারায় বেশ উচ্ছ্বসিত ওয়েন রুনি, ‘ডেনিস ল এই ক্লাবের একজন কিংবদন্তী তারকা। আমি তার রেকর্ডে ভাগ বসাতে পারায় অনেক আনন্দিত।’
ওয়েন রুনির একমাত্র গোলে মস্কোকে হারিয়ে টেবিলের শীর্ষে উঠে এসেছে ম্যানচেস্টার ইউনাইটেড। রেড ডেভিলদের বর্তমান লক্ষ্য শেষ ষোল নিশ্চিত করা। এমনটাই জানালেন রুনি।
ওয়েন রুনি বলেন, ‘আমরা এখন গ্রুপের শীর্ষে রয়েছি। সুতরাং এটি মূল্যবান তিন পয়েন্ট। পিএসভির বিপক্ষে আমাদের আরেকটি বড় ম্যাচ সামনে রয়েছে। আমাদের লক্ষ্য আগামী ম্যাচে জয় দিয়ে শেষ ষোল নিশ্চিত করা।’

