বিনোদন ডেস্ক : নতুন একটি সিরিয়াল নির্মাণে হাত দিয়েছেন নির্মাতা আশুতোষ সুজন। নাম ‘এই শহরে’। গল্পটা শহুরে। শহরের অলিগলি কিংবা ট্রাফিক সিগন্যাল থেকে গল্পটা তুলে এনেছেন নির্মাতা। শহরে যেমন হরেক রকম মানুষ থাকে নাটকেও তেমনি থাকছে হরেক রকমের চরিত্র। তেমনই দুই চরিত্রে অভিনয় করছেন সুজানা জাফর ও মারজুক রাসেল।
তারা স্বামী-স্ত্রী। স্ত্রীকে ভীষন ভালোবাসেন মারজুক । কিন্তু তার একটা দোষ আছে। তিনি ভবঘুরে। গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ান। পাড়ায় হৈ-হুল্লোড় করে বেড়ান। সংসার নিয়ে মোটেই সিরিয়াস নয়। কিন্তু তার স্ত্রী সুজানা একদম উল্টো। তিনি সংসার নিয়ে খুব সিরিয়াস। তাই স্বামীর এমন কার্যকলাপ একদম সহ্য করতে পারেননা। হঠাৎ একদিন সিদ্ধান্ত নিলেন, তার সঙ্গে আর থাকবেনা। স্বামীর বাসা ছেড়ে নতুন বাসায় উঠেন। এভাবেই এগুতে থাকে নাটকের গল্প। তারা ছাড়াও আরো অভিনয় করেছেন তানজিন তিশা, সাফা কবির, লাক্স তারকা তারিন।
উত্তরার একটি শুটিং হাউজে নাটকটির প্রথম লটের শুটিং চলছে। শুটিংয়ের সেট থেকে সুজানা জানালেন, ‘গল্পটা চমৎকার। এতে ভালোবাসা আছে। আছে সুখ-দু:খ, হাসি-কান্না। দর্শকদের খুব ভালো লাগবে আশাকরি।’
শিগগিরই একটি বেসরকারী টিভি চ্যানেলে সিরিয়ালটি প্রচার শুরু হবে।

