নিজস্ব প্রতিবেদক : ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ ভবনের স্থপতি লুই আই কানের মূল নকশা দাখিলের নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে তিন সদস্যের আপিল বেঞ্চ জাতীয় সংসদ সচিবালয়কে এ নির্দেশ দেন।
রাষ্ট্রপক্ষের করা আপিল আবেদনের শুনানি করে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন তিন বিচারপতির আপিল বেঞ্চ বুধবার এ আদেশ দেন।
আজ আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মুরাদ রেজা। তিনিই বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন। আদালত তার আদেশে বলেছেন আগামী তিন মাসের মধ্যে এই নকশা দাখিল করতে হবে। সংসদ ভবনের কমপ্লেক্স’র মূল নকশার বাইরে বিভিন্ন ভবন থাকা সংক্রান্ত বিষয় নিয়ে করা এক মামলার শুনানিতে আপিল বিভাগ এই আদেশ দেন।
আদেশের পরে মুরাদ রেজা সাংবাদিকদের বলেন, ‘পরিবেশবাদী সংগঠন বাপার করা রিট আবেদনের শুনানি নিয়ে ২০০৪ সালের ২১ জুন স্পিকার ও ডেপুটি স্পিকারের বাসভবন মুল নকশার বাইরে ঘোষণা করে রায় দেন উচ্চ আদালত। রায়ে সংসদ ভবন এলাকাকে বিশ্ব ঐতিহ্যে অন্তর্ভুক্ত করতে ইউনেস্কোর কাছে আবেদন করার জন্য নির্দেশ দেন আদালত। হাইকোর্টের সে রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করেন। সেই আপিল শুনানিতে আদালত মূল নকশা তিন মাসের মধ্যে সুপ্রিমকোর্টে দাখিল করার নির্দেশ দেন।’
মুরাদ রেজা বলেন, ‘আদালতে বলেছি-হাইকোর্টের ওই রায় ছিলেন অনাকাঙ্ক্ষিত। যদি সংসদ ভবন ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যে অন্তর্ভূক্ত করা হয় তা হবে আমাদের জন্য অপমানজনক। পৃথিবীর কোথাও সংসদ ভবনকে বিশ্ব ঐতিহ্যে অন্তর্ভূক্ত করার নজির নেই। তাছাড়া মূল নকশা না দেখে কীভাবে স্পিকারদের বাসভবনকে হাইকোর্ট অবৈধ বললেন তাও বোধগম্য না।’
তিনি বলেন, ‘আমাদের জানামতে মূল নকশাটি যুক্তরাষ্ট্রের পেনসেলবেনিয়া স্টেট ইউনিভার্সিটির আর্কাইভসে রয়েছে। সংসদের মুল নকশা পেলে আমরা বাস ভবনগুলোর অবস্থান সম্পর্কে স্বচ্ছ ধারণা পাবো।’ তাই আদালত সংসদ সচিবালয়ের সচিবকে তিন মাসের মধ্যে মূল নকশার নথিপত্র আদালতে দাখিল করার নির্দেশ দেন।

