নিজস্ব প্রতিবেদক : বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আবুল মকসুদের আশ্বাসে আমরণ অনশন কর্মসূচী প্রত্যাহার করে নিয়েছে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ফেডারেশন।
বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ফেডারেশনের আমরণ অনশন কর্মসূচিতে সংহতি প্রকাশ করে আবুল মকসুদ শিক্ষকদের অনশন প্রত্যাহারের আহ্বান জানান।
এসময় শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, ‘শিক্ষকদের আন্দোলনে আমার পূর্ণ সমর্থন আছে। যদি আপনারা আমাকে একটু হলেও সম্মান করেন তাহলে আজকের মত অনশন প্রত্যাহার করুন।’
আবুল মকসুদ বলেন, ‘শিক্ষকরা আজ না খেয়ে রাস্তায় পড়ে আছে। এটা ১৬ কোটি মানুষের জন্য অত্যন্ত লজ্জার বিষয়। কারণ শিক্ষকরা অসুস্থ হয়ে পড়লে গোটা জাতি অসুস্থ হয়ে পড়বে।’
এর আগে অনশনের ৬ষ্ঠ দিনে সরকারের কাছে থেকে কোনো সাড়া না পেয়ে এমপিওভুক্তির দাবিতে ধারাবাহিক আন্দোলন করছে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ফেডারেশনের নেতারা। ফলে অভুক্ত থাকার কারণে অনেকেই গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন।
নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ মো. এরশাদ আলী জানান, গত ছয় দিন কিছু না খাওয়ায় অনেক শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন। এর মধ্যে কয়েক জনকে ইতোমধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন, ঝিনাইদহের শহিদুল ইসলাম, যশোরের সাইফুল ইসলাম, টাঙ্গাইলের নাসিমা আক্তারসহ প্রমুখ।
এদিকে মঙ্গলবার রাতে সিপিবির কেন্দ্রীয় নেতা রুহিন হোসেন প্রিন্স, বাসদের কেন্দ্রীয় নেতা রাজেকুজ্জামান রতন, দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খান, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি আসলাম খানসহ অনেকে শিক্ষকদের এ আন্দোলনে সংহতি প্রকাশ করেন।

