স্পোর্টস ডেস্ক : বার্সেলোনার আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসিকে ‘গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর’ হিসেবে নিয়োগ দিয়েছে ভারতের সর্ববৃহৎ গাড়ি নির্মাতা কোম্পানি টাটা মোটরস। শিগগিরই চারবারের ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কারজয়ী এই তারকাকে দিয়ে বিজ্ঞাপন চিত্রায়ণ করা হবে বলে জানিয়েছে টাটা মোটরস।
এই প্রথম কোনো ভারতীয় ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হলেন এলএম টেন। সোমবার টাটা মোটরস কোম্পানি পণ্যদূত হিসেবে লিওনেল মেসিকে পরিচয় করিয়ে দেয়। মেসিকে পণ্যদূত করার ফলে আগামীতে আন্তর্জাতিক অঙ্গনে টাটা মোটরস আরো ব্যবসা-সফল হয়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করে ভারতের সর্ববৃহৎ গাড়ি নির্মাতা কোম্পানিটি।
মেসিকে গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর’ নিয়োগ করতে পারায় বেশ উচ্ছ্বসিত টাটা মোটরস। এক প্রেস বিজ্ঞপ্তিতে টাটা জানায়, ‘আমাদের মূল লক্ষ্য হলো তরুণ প্রজন্মের সঙ্গে নিজেদের যুক্ত করা। আমরা দেখেছি ফুটবল এবং মেসির সঙ্গে তরুণ প্রজন্মের নিবিড় যোগাযোগ রয়েছে। তিনি বর্তমান সময়ের তরুণদের কাছে আইকন। আমাদের বিশ্বাস, মেসিকে পণ্যদূত করার মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে টাটা মোটরস আরও ব্যবসা-সফল কোম্পানি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে।’
পিটিআইয়ে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে টাটা মোটরস জানায়, লিওনেল মেসির সঙ্গে তাদের দুই বছরের চুক্তি সম্পন্ন হয়েছে, যেটি আগামীতে আরো বৃদ্ধি পেতে পারে।

