স্পোর্টস ডেস্ক : অবশেষে বাংলাদেশ সফরে না আসার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। মঙ্গলবার বাংলাদেশ সফরে আসার কথা ছিল প্রোটিয়া নারী দলের। তবে নিরাপত্তা ও অন্যান্য কারণ দেখিয়ে আপাতত সফর স্থগিত করেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে দক্ষিণ আফ্রিকান ক্রিকেট বোর্ড জানায়, পুরো স্কোয়াডকে একসঙ্গে না পাওয়ায় সফরে আসা সম্ভব হচ্ছে না দক্ষিণ আফ্রিকার। একইসঙ্গে ব্যক্তিগত নিরাপত্তাকেও অযুহাত হিসেবে দেখানো হয়।
গত ১৫ অক্টোবর ৩টি ওয়ানডে ও ৪টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ সফরে আসার কথা ছিল দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দলের। নিরাপত্তার কারণে অস্ট্রেলিয়া পুরুষ দল বাংলাদেশ সফর স্থগিত করায় তখন একই পথে হাঁটে প্রোটিয়া নারী দলও। এরপর ৩ নভেম্বর বাংলাদেশে আসার নতুন দিনক্ষণ চূড়ান্ত করে প্রোটিয়া নারী দল। তবে নিরাপত্তার কারণে আপাতত বাংলাদেশ সফর স্থগিত করে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড।
৩ নভেম্বর বাংলাদেশে আসার পর ৬, ৮ ও ১০ নভেম্বর বাংলাদেশ নারী দলের সঙ্গে তিনটি ওয়ানডে ম্যাচ খেলার কথা ছিল দক্ষিণ আফ্রিকা নারী দলের। এরপর দুই দলের মধ্যকার টি-২০ সিরিজের ম্যাচগুলো যথাক্রমে নভেম্বরের ১২, ১৩, ১৫ ও ১৬ তারিখে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন কারণে সবাইকে একসঙ্গে না পাওয়ায় সফর স্থগিত করা আবশ্যক হয়ে পড়ে। বিবৃতিতে বলা হয়, ‘এটা খুবই দুর্ভাগ্যজনক যে আমাদের বেশ কয়েকজন ক্রিকেটারকে এই সফরে পাওয়া যাচ্ছিল না। কারও ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে শঙ্কা, কারও কাজ, কারও আছে আবার বছর শেষের পড়াশোনা ও পরীক্ষা।”
চলতি মাসের শেষের দিকে বাংলাদেশ সফরে আসবে জিম্বাবুয়ে নারী ক্রিকেট দল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী জানিয়েছেন, নতুন করে সফরের সময়সীমা নির্ধারণের জন্য দুই দেশের বোর্ডের মধ্যে আলোচনা চলছে।
ইএসপিএনক্রিকইনফোকে দেয়া এক সাক্ষাৎকারে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘আমরা তাদের কাছ থেকে আগামী চার-পাঁচদিনের মধ্যে নতুন তারিখ পাবো বলে আশা করি। এটি দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের ব্যক্তিগত সমস্যা। জিম্বাবুয়ে এবং অস্ট্রেলিয়া ফুটবল দল চলতি মাসে বাংলাদেশে আসছে। এটিই প্রমাণ করে যে, বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি যথেষ্ট ভালো আছে।’

