আন্তর্জাতিক ডেস্ক : গত মাসে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ পৌঁছেছিল ২ লাখ ১৮ হাজারের বেশি শরণার্থী। কোনো এক মাসে শরণার্থীদের এটিই সর্বোচ্চ রেকর্ড। অথচ ২০১৪ সালে সারা বছর জুড়ে ২ লাখ ১৯ হাজার মানুষ ইউরোপের দেশগুলোতে ঠাঁই নিয়েছিল। সোমবার প্রকাশিত এক জাতিসংঘ পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে।
জাতিসংঘের উদ্বাস্তু বিষয়ক সংস্থার মুখপাত্র এডরিয়ান এডওয়ার্ড সংবাদ সংস্থা এএফপি’কে জানিয়েছেন, গত মাসে রেকর্ড সংখ্যক শরণার্থী ইউরোপ পৌঁছেছিল। সবমিলিয়ে ২ লাখ ১৮ হাজার ৩৯৪ জন ভূমধ্যসাগর পাড় হয়ে ইউরোপে পৌঁছেছে। এদের মধ্যে মাত্র ৮ হাজার গ্রিসে অবস্থান করছে। এ নিয়ে গত দশ মাসে ৭ লাখ ৪৪ হাজারের বেশি মানুষ ইউরোপ পৌঁছেছে। গতবছর এই সংখ্যা ছিল ২ লাখ ১৯ হাজার।

