নিজস্ব প্রতিবেদক : ‘২০০৯ স্থানীয় সরকার নির্বাচন আইন সংশোধনীর অধ্যাদেশ আমরা হাতে পেয়েছি, সংশোধিত আইন অনুযায়ী আমরা পৌরসভা নির্বাচনের আনুষ্ঠানিক প্রস্তুতি নিব। সে অনুযায়ী ডিসেম্বরে পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে’ বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মো. সিরাজুল ইসলাম।
মঙ্গলবার নির্বাচন কমিশনের সচিবালয়ে নিচ কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
সচিব বলেন, ‘আমরা এতোদিন অধ্যাদেশের অপেক্ষায় ছিলাম। স্থানীয় সরকার নির্বাচন আইন-২০০৯ সংশোধন সংক্রান্ত গেজেট হাতে পেয়েছি। এখন দেখবো অধ্যাদেশে কি সংশোধন আছে। আগেই নির্বাচনী বিধিমালা ও আচরণ বিধিমালা পরিবর্তনে সংশোধন খসড়া করে রেখেছি। খসড়ার উপর যদি প্রয়োজনীয় পরিবর্তন আনতে হয় তাহলে সেটি করে কমিশনে তা উত্থাপন করা হবে। কমিশন অনুমোদন দিলে সরকারে কাছে পাঠানো হবে। আইন মন্ত্রণালয় বিধিটি গেজেট আকারে প্রকাশ করবে।’
তিনি বলেন, ‘আমাদের হাতে এখনো কিছু কাজ বাকি আছে। ডিসেম্বরের পৌরসভা নির্বাচনের বাধ্যবাধকতা থাকায় নির্বাচন বিধি ও আচরণ বিধিমালা সংশোধন করতে বেশি সময় হাতে নেবো না। কারণ পৌরসভা নির্বাচন নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে। মেয়াদ শেষ হওয়ার ৯০ দিনের ভেতরে নির্বাচন হবে।’
তিনি আরো বলেন, ‘মেয়র, সাধারণ কাউন্সিলর ও মহিলা কাউন্সিলর- এই তিন পদেই দলীয় প্রতীকে নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে করে ব্যালটের আকার অনেক বড় হয়ে যাবে। এর ফলে ব্যালট ভাঁজ করা, সিল মারাসহ পুরো প্রক্রিয়াটাই কঠিন হয়ে যাবে। যে কারণে সরকারি প্রেসগুলোর সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত নেয়া হবে।’
এক দফায় হবে, নাকি কয়েক দফায় নেয়া হবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পৌরসভা নির্বাচন একদিনে করলে সুবিধা নাকি দফায় দফায় করলে সুবিধা হবে এটা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। এ বিষয়ে আরো পরীক্ষা-নিরীক্ষা করার দরকার আছে।’
নতুন আইনে নির্বাচন কোনো রাজনৈতিক দলের জন্য খড়গ বয়ে আনবে না তো? এ প্রশ্নে সচিব বলেন, ‘আমরা নির্বাচনের জন্য বিধিমালা পরিবর্তন করবো। কোনো রাজনৈতিক দলের সুবিধা বা ক্ষতি করার জন্য নয়।’

