নিজস্ব প্রতিবেদক : সব সরকারি কর্মকর্তা কর্মচারী নতুন পে-স্কেলে আগামী জানুয়ারি থেকে বেতন পাবেন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এছাড়া অষ্টম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি হওয়ার আগে যেসব ক্যাডার সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পেয়েছেন, তাদের এ সুবিধা বহাল রাখা হবে। যারা এটি পেয়েছেন, তাদের টাকা ফিরিয়ে নেয়া হবে না বলেও তিনি আশ্বস্ত করেন।
মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ কথা বলেন ৷
এর আগে তিনি ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের কেন্দ্রীয় কমিটির সভাপতি এ কে এম এ হামিদের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন।
মুহিত জানান, অষ্টম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি হওয়ার আগে যেসব ক্যাডার সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পেয়েছেন, তাদের এ সুবিধা বহাল রাখা হবে। এমনকি বাকি ক্যাডাররা প্রজ্ঞাপন জারির আগে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল নিয়ে নিতে পারেন। কারণ প্রজ্ঞাপন জারির পর সব কিছু নতুন নিয়মে চলবে।
প্রকৌশলীদের পক্ষ থেকে অর্থমন্ত্রীর কাছে আটটি দাবি তুলে ধরা হয়।
উল্লেখ্য, গত আগস্ট ও সেপ্টেম্বর মাসে প্রজ্ঞাপন জারি করে বিভিন্ন মন্ত্রণালয় সাতটি বিসিএস ক্যাডারের কর্মকর্তাদের সিলেকশন গ্রেড দেয়া হয়েছে। ২ জুলাই থেকে তা কার্যকরও হয়েছে। ২৮টি ক্যাডারের মধ্যে এই সাতটি বাদে বাকি ক্যাডারের কর্মকর্তাদের ক্ষেত্রে কী হবে এ নিয়ে তা নিয়ে প্রশ্ন উঠছে।
সর্বোচ্চ ৭৮ হাজার এবং সর্বনিম্ন ৮ হাজার ২৫০ টাকা মূল ধরে সরকারি কর্মচারীদের জন্য গত ৭ সেপ্টেম্বর অষ্টম বেতন কাঠামো অনুমোদন পায় মন্ত্রিসভায়।
এই কাঠামো অনুযায়ী, সরকারি চাকরিজীবীরা মূল বেতন পাবেন ২০১৫ সালের ১ জুলাই থেকে। এক্ষেত্রে ১ জুলাই থেকেই এরিয়ার কার্যকর হবে।

