স্পোর্টস ডেস্ক : দু’জনের শ্রেষ্ঠত্ব প্রশ্নাতীত। ৭টি ফিফা বর্ষসেরা পুরস্কার, ব্যালন ডি’অর যখন তারা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেন, তখন তাদের শ্রেষ্ঠত্ব নিয়ে কারও প্রশ্ন নেই। তবে গণ্ডগোলটা বেধেছে, এ দু’জনের মধ্যে কে সেরা- এই প্রশ্ন নিয়ে। মেসি ভক্তদের ভাষ্য, তাদের তারকাই সেরা। আবার রোনালদো ভক্তরা জোর গলায় বলবেন, রোনালদোই সেরা।
আসলে কে সেরা? এই তর্ক-বিতর্ক যখন চলছিল, তখন খোদ তাদের দু’জনের কারও মুখ থেকে কোন বক্তব্য আসে এ ব্যাপারে তখন চাঞ্চল্য বাড়বেই। বেড়েছেও। স্প্যানিশ পত্রিকা মার্কার সঙ্গে এক সাক্ষাৎকারে ক্রিশ্চিয়ানো রোনালদো দাবি করলেন, মেসি নয় তিনিই সেরা।
গত ফেব্রুয়ারি মাসে নিজের জন্মদিনের পার্টিতে মিডিয়ার সঙ্গে কথা বলতে অস্বীকৃতি জানিয়েছিলেন রোনালদো। কারণ অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে ৪-০ গোলের লজ্জাজনক হারের পর ছিল সেই পার্টি। ওই ঘটনার পর এই প্রথম সরাসরি কোন মিডিয়ার মুখোমুখি হলেন রোনালদো। সেখানেই তিন দাবি করলেন, ‘বার্সেলোনা খেলোয়াড় লিওনেল মেসির চেয়ে তিনি সেরা।’
মার্কাকে দেয়া সাক্ষাৎকারে রোনালদো বলেছেন, ‘গত ৮ বছরে আমার ক্যারিয়ারে দিকে তাকিয়ে দেখুন। তাহলে দেখবেন, প্রতিটি বছর আমিই শীর্ষে আছি। এমন আরেকজন ফুটবলারের নাম বলুন, যিনি এ অবস্থানটা ধরে রাখতে পেরেছিলেন।’
এরপর তিনি আরও বলেন, ‘আপনি বিশ্বের এক নম্বর খেলোয়াড় কিনা সেটি বড় কথা নয়। এটা আসলে বিস্তারিত এবং ধারাবাহিকতার প্রশ্ন। আপনি শিরোপা জিতেছেন কি জেতেননি সেটাও বড় নয়। অনেকের কাছে এ জন্য মেসি বড় হতে পারে; কিন্তু আমার মনে হয়, আমিই সেরা, মেসি নয়।’
রোনালদো জানান, প্রতিপক্ষের সমর্থকদের কাছ থেকে ধুয়ো ধ্বনি কিংবা সমালোচনাকে তিনি খারাপ দৃষ্টিতে দেখেন না। বরং, এ বিষয়টা তাকে আরও বেশি প্রেরণা যোগায়, ভালো করার জন্য। তিনি বলেন, ‘সত্যিই আমার শত্রু প্রয়োজন। এটা খেলারই একটা অংশ। আমার বয়স যখন ১৮ কিংবা ১৯, তখন থেকেই সমর্থকদের এসব বৈরী আচরণের সঙ্গে আমি পরিচিত। এটা আমার জন্য কোন সমস্যা নয়। বরং আমাকে আরও অনুপ্রেরণা যোগায়।’
অনেক ঘাম ঝরিয়ে ক্যারিয়ারের এই পর্যায়ে এসে রোনালদোর উপলব্ধি, ‘কঠোর পরিশ্রমের বিকল্প নেই। প্রচ- পরিশ্রম না করলে কোনো কিছুরই শীর্ষে যাওয়া যায় না।’

