চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় সোমবার বেলা দেড়টার পর থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বিকেলে ৫টার মধ্যে ছাত্রদের এবং আগামীকাল সকাল ১০টার মধ্যে ছাত্রীদের হল ত্যাগের নির্দেশ দেয়া হয়।
চুয়েটের সহকারী পরিচালক (জনসংযোগ) ফজলুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে চরম উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হওয়ার প্রেক্ষিতে সোমবার বেলা দেড়টা থেকে চুয়েটের উপাচার্য, উপ-উপাচার্য, সব ডিন, বিভাগীয় প্রধান, পরিচালক, প্রভোস্ট এবং রেজিস্ট্রারের সমন্বয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।
ওই সভার সিদ্ধান্ত অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার আশংকার কথা বিবেচনা করে দেড়টা থেকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষাকার্যক্রম (পরীক্ষাসহ) বন্ধ ঘোষণা করা হয়।
আজ সোমবার বিকেল ৫টার মধ্যে ছাত্রদের এবং আগামীকাল সকাল ১০টার মধ্যে ছাত্রীদের হল ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে। তবে স্নাতকোত্তর পর্যায়ের সব শিক্ষাকার্যক্রম যথারীতি চলবে বলে উল্লেখ করেন ফজলুর রহমান।

