স্পোর্টস ডেস্ক : হরভজন সিং-গীতা বসরার বিয়েকে কেন্দ্র করে একের পর এক বিতর্ক চলছেই। বিয়ের দিন একটি টেলিভিশন চ্যানেলের প্রতিনিধিদের মারধর করেছিলেন বাউন্সাররা। অভিযোগ, তারা না কি প্রতিবেশির ছাদে উঠে বিয়ের অনুষ্ঠান রেকর্ড করছিলেন। বিতর্ক সামলাতে মাঠে নামতে হয় টার্বনেটরকে।
এবার অন্য বিতর্কে হরভজন নিজেই জড়িয়ে গেলেন। অভিযোগ স্বয়ং হরভজনের বিরুদ্ধেই। বিয়ের অনুষ্ঠানে তিনি নাকি নিজেই অতিথিদের কাছে তামাক পরিবেশন করছিলেন। আর এতেই ক্ষেপেছে শিখ সম্প্রদায়। জানা গেছে, হরভজনের বিরুদ্ধে তারা কঠোর পদক্ষেপ নিতে চলেছে।
ইতোমধ্যে এই ঘটনা নিয়ে পুলিশেও অভিযোগ জানানো হয়েছে। শিখ সম্প্রদায়ের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী অকাল তখতেও হরভজনের বিরুদ্ধে অভিযোগ জানানোর হুঁশিয়ারি দিয়েছেন। শিখদের নিয়মানুযায়ী তামাক এবং মদ পান নিষিদ্ধ। হরভজনের বিয়েতে না কি ১১৩ রকমের তামাক পরিবেশন করা হয়েছিল। দেখা যাচ্ছে বিয়ে করতে গিয়ে ভালোরকম ঝামেলাই পাকিয়ে ফেলছেন ভাজ্জি!

