আর্ন্তজাতিক ডেস্ক : সিরিয়ায় তুরস্ক এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় শনিবার ইসলামিক স্টেটের ৫০ জনের বেশি জঙ্গি নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৩০ জঙ্গি। রাষ্ট্রীয় গণমাধ্যম আনাডোলু এজেন্সি নিরাপত্তা কর্তৃপক্ষের বরাত দিয়ে রোববার এ তথ্য জানিয়েছে।
শনিবার এক স্থানীয় উর্ধ্বতন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, তুর্কি বিমান সিরিয়ায় ইসলামিক স্টেটকে লক্ষ্য করে বোমা হামলা চালিয়েছে। রোববার তুরস্কের জাতীয় সংসদের নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আগেই এই হামলা চালানো হলো।
তুরস্কের ছয়টি যুদ্ধবিমান এফ-১৬ শনিবারের বিমান হামলায় অংশ নিয়েছিল। জোটের হামলার মধ্যে একটি ড্রোন হামলাও অন্তর্ভূক্ত ছিল বলে জানা গেছে।
তুরস্কের কিলিস প্রদেশের কাছে সিরিয়া সীমান্ত থেকে ৫ কিলোমিটার ভেতরে ইসলামিক স্টেটের আটটি ঘাঁটিকে লক্ষ্য করে ওই হামলা চালানো হয়েছিল। ওই অভিযানে আইএসের ঘাঁটিগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে। সিরিয়ার ওই অভিযানের সময় স্থলে তুর্কি সেনাবাহিনী সহায়তা করেছে বলে জানা গেছে।
এ বছরের জুলাইয়ে ইসলামিক স্টেটের বিরুদ্ধে আরো বেশি কার্যকরী ভূমিকা নেওয়ার শপথ করেছিল তুরস্ক। তারপর থেকেই আইএসের বিরুদ্ধে বিভিন্ন অভিযানে যুক্তরাষ্ট্রের সঙ্গে অংশ নিয়েছে তুরস্ক। এসব হামলায় তুরস্কের বহু যুদ্ধবিমান ব্যবহার করা হয়েছে।

