স্পোর্টস ডেস্ক : ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে উঠেও শিরোপা জেতা হয়নি নিউজিল্যান্ডের। অস্ট্রেলিয়ার কাছে হেরে ক্রিকেট বিশ্বকাপের শিরোপাটা কিউইদের কাছে সোনার হরিনই হয়ে রইল। তবে ক্রিকেট বিশ্বকাপের হারের দুঃখ কিছুটা হলেও ভুলতে পারে কিউইরা রাগবি বিশ্বকাপের জয় দিয়ে।
ক্রিকেট বিশ্বকাপটা নিউজিল্যান্ডের কখনো জেতা হয়নি। গত মার্চে ফাইনাল খেললেও ম্যাককালাম, গাপটিলদের স্বপ্ন গুঁড়িয়ে ট্রফি জয়ের উৎসবে মেতেছিল অস্ট্রেলিয়া। ঠিক সাত মাস পর আরেকটি ক্রীড়া ইভেন্ট, রাগবির বিশ্ব আসরের ফাইনালে মুখোমুখি দুই প্রতিবেশী দেশ। এখানেই অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়নদের মুকুট পরেছে নিউজিল্যান্ড।
শনিবার রাতে লন্ডনের টুইকেনহাম স্টেডিয়ামে ফাইনালে অস্ট্রেলিয়াকে ৩৪-১৭ ব্যবধানে হারিয়ে রেকর্ড তৃতীয়বার রাগবি বিশ্বকাপ জিতেছে কিউইরা। এবার নিয়ে টানা দ্বিতীয়বার এবং সব মিলিয়ে তিনবার রাগবি বিশ্বকাপ জিতল নিউজিল্যান্ড। রাগবিতে তিনবার আর কোনো দলই চ্যাম্পিয়ন হতে পারেনি। দুবার জিতেছে অস্ট্রেলিয়া।
রাগবি বিশ্বকাপের ফাইনালে এবারই প্রথম মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া। আর প্রথম লড়াইয়ে অস্ট্রেলিয়াকে হারিয়েই ইতিহাস গড়ল কিউইরা। শিরোপা জয়ের পর ‘অল ব্ল্যাক’দের উৎসবও ছিল তাই বাধনহারা।

