বরিশাল প্রতিনিধি : জেলায় আগামী ১৪ নভেম্বর প্রায় ৩ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল। এদের মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ২৮ হাজার ৯৯৪ জন শিশুকে ১টি করে নীল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। একই সাথে ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ৬১ হাজার ৮০৪ জন শিশুকেও খাওয়ানো হবে লাল রঙের ক্যাপসুল। বরিশাল সিভিল সার্জনের এ কর্মসূচি বাস্তবায়ন করতে সেচ্ছাসেবক হিসেবে কাজ করবেন মোট ৬ হাজার ৪৬৫ জন কর্মী।
রোববার বেলা ১১টায় বিভাগীয় স্বাস্থ্য প্রশিক্ষণ কেন্দ্রে জেলা ওরিয়েন্টেশন ও কর্মপরিকল্পনা সভায় এ তথ্য জানানো হয়। বরিশাল সিভিল সার্জন এ সভার আয়োজন করে।
বরিশাল সিভিল সার্জন ডা. এ এফ এম শফিউদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা-আইসিটি) কাজী হোসনে আরা।
সভায় বক্তব্য রাখেন- বিভাগীয় তথ্য কর্মকর্তা জাকির হোসেন, পরিচালক পরিবার-পরিকল্পনা ডা. তৈয়বুর রহমান, ইসলামী ফাউন্ডেশনের পরিচালক মো. নিজাম উদ্দিন এবং সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মো. জলিল প্রমুখ।
সভায় জানানো হয়- বরিশালের ৯টি স্থায়ী টিকাদান কেন্দ্রসহ ১০ উপজেলার ৮৫টি ইউনিয়নের ২ হাজার ৩০টি স্থানে এ ক্যাপসুল খাওয়ানো হবে। পাশাপাশি জেলার প্রতিটি ইউনিয়নে ১টি করে অতিরিক্ত অস্থায়ী টিকাদান কেন্দ্র খোলা হবে। এরআগে সেচ্ছাসেবক কর্মীরা প্রতিটি বাসা-বাড়িতে গিয়ে ক্যাপসুলপ্রাপ্ত শিশুদের একটি তালিকা তৈরি করবেন। যাতে করে কোনো শিশু যেন এবারের জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়া থেকে বঞ্চিত না হয়।

