স্পোর্টস ডেস্ক : দুই দলের দুই রকম পরীক্ষা। একদল খেলতে নামবে নিজেদের মাঠে। অন্যদল প্রতিপক্ষের মাঠে। দল দুটির প্রথমটি রিয়াল মাদ্রিদ। অন্যটি বার্সেলোনা। কোপা দেল রে’র বিরতি দিয়ে স্প্যানিশ লা লিগায় ফের মাঠে নামছে দুই জায়ান্ট। নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে বাংলাদেশ সময় রাত ৯টায় রিয়াল মাদ্রিদ স্বাগত জানাবে লাস পালমাসকে। আর বার্সেলোনা খেলতে যাবে গেটাফের মাঠে। বার্সার ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত ১.৩০টায়।
লা লিগায়ে এখনও পর্যন্ত ৯ রাউন্ড খেলা হয়ে গেছে রিয়াল-বার্সার। সমান সংখ্যক ম্যাচের মত দুই দলের পয়েন্টও সমান ২১ করে। তবুও শীর্ষ নামটি কিন্তু রিয়ালের। কারণ গোল ব্যবধানে বার্সার চেয়ে ঢের এগিয়ে লজ ব্লাঙ্কোজরা।
প্রতিপক্ষের জালে ২১ বার বল জড়ানোর বিপরীতে রিয়াল মাদ্রিদ হজম করেছে মাত্র ৩টি গোল। ব্যবধান ১৮ গোলের। অপরদিকে বার্সেলোনা প্রতিপক্ষের জালে বল জড়িয়েছে ২০টি। হজম করেছে ১২টি। ব্যবধান ৮ গোলের।
১০ ম্যাচ খেলে ফেলেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। দেপোর্তিভো লা করুনার সঙ্গে ১-১ গোলে ড্র না করলে রিয়াল-বার্সাকে ছাড়িয়ে শীর্ষে উঠে যেতে পারতো দিয়েগো সিমিওনের শিষ্যরা। কিন্তু ড্র করে ২ পয়েন্ট হারাল তারা। ফলে ২০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানেই রইল অ্যাটলেটিকো মাদ্রিদ।
তবে রিয়াল মাদ্রিদের গোল হজম করা না করার অনুপাতটা আজ পরিবর্তণ হতে পারে। কারণ পোস্টের নীচে কেইলর নাভাসকে পাচ্ছে না আজ মাদ্রিদের দলটি। কারণ ইনজুরি। পরিবর্তে আজ পোস্টের নীচে দাঁড়ানোর সম্ভাবনা রয়েছে কিকো ক্যাসিয়ার। এস্পানিওল থেকে মৌসুমের শুরুতে রিয়ালে যোগ দিলেও, এখনও পর্যন্ত লা লিগায় রিয়ালের জার্সি গায়ে অভিষেক হয়নি তার। আজই প্রথম সেরা একাদশে থাকার সম্ভাবনা দেখা গিয়েছে ক্যাসিয়ার।
গেটাফের বিপক্ষে মাঠে নামার আগে বার্সার জন্য দুঃসংবাদ। ইনজুরিতে ছিটকে গিয়েছেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার ডগলাস। ফলে বার্সার রক্ষণভাগ যে আরও অরক্ষিত হয়ে যাবে তাতে কোন সন্দেহ নেই।
সপ্তাহের মাঝে কোপা ডেল রের ম্যাচে ভিলানোভেন্সের বিপক্ষে নেইমার-সুয়ারেজসহ গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের বিশ্রাম দিয়েছিলেন কোচ লুই এনরিক। আজ আবার সেরা একাদশে ফিরিয়ে আনা হচ্ছে তাদের।

