স্পোর্টস ডেস্ক : দিয়েগো ম্যারডোনার জন্মদিন বলে কথা! গোটা ফুটবল দুনিয়ার ভক্তরা যেন এই দিনটার জন্যই অপেক্ষা করে থাকে। তো এমন এক মহা তারকার জন্মদিনে ভক্তদের শুভেচ্ছা বার্তায় ভাসলেন ফুটবল রাজপুত্র।
১৯৬০ সালের ৩০ অক্টোবর। এই দিনটিতেই জন্ম নিয়েছিলেন দিয়েগে আরমান্দো ম্যারাডোনা। ৫৫তম জন্মদিনে অগনিত ভক্তের শুভেচ্ছায় সিক্ত হলেন ফুটবলের রাজপুত্র।
আর্জেন্টিনার এই কিংবদন্তি তারকা ফুটবলারটিকে নিয়ে ফুটবল বিশ্ব যতই মাতামাতি করুক না কেন ফুটবল সম্রাট পেলে অবশ্য তাকে রাজপুত্র মানতে নারাজ। সম্প্রতি কলকাতায় এসেও তিনি এ প্রসঙ্গ এড়িয়ে গিয়েছিলেন; কিন্তু পেলে যাই ভাবুন না কেন, গোটা ফুটবল বিশ্ব ম্যারডোনাকেই রাজপু্ত্র হিসেবে মানে।
অসাধারণ ফুটবলশৈলীর জন্য একবাক্যে তার গ্রেটনেস স্বীকার করে ফুটবল ভক্তরা। এমনকি ফিফাও যখন আনুষ্ঠানিকভাবে বিংশ শতাব্দীর সেরা ফুটবলার হিসেবে স্বীকৃতি দেয় তখন আর কোন সন্দেহ-সংশয় থাকার কথা নয়। যদিও ম্যারাডোনা একা নন, স্বীর্কতিটা পেয়েছেন একই সঙ্গে পেলেও।
প্রিয় ফুটবলারের জন্মদিনে উৎসবে মাতলেন বিশ্বের তামাম ফুটবল প্রেমীরা। কেউ এসএমএসে শুভেচ্ছা পাঠালেন, কেউ ফেসবুকে আবার কেউ ফোনে। ভক্তদের শুভেচ্ছা পেয়ে আপ্লুত স্বয়ং মহানায়কও। সবার ভালোবাসায় ম্যারাডোনা জন্মদিনটা পালন করলেন চুটিয়ে।

