বিনোদন ডেস্ক : রসবোধ আর ইমোশনাল সম্পন্ন বাস্তবের সঞ্জয় দত্তকেই সেলুলয়েডে তুলে ধরবেন জনপ্রিয় ও ‘পিকে’ খ্যাত মেধাবী নির্মাতা রাজকুমার হিরানি। সম্প্রতি মুম্বাই ফিল্ম ফেস্টিভালের উদ্বোধনী অনুষ্ঠানে এমন মন্তব্যই করলেন তিনি।
জানা গেছে, ভারতীয় সিনেমার জন্য অন্যতম একটি চলচ্চিত্র উৎসব মনে করা হয় ‘মুম্বাই ফিল্ম ফেস্টিভাল’কে। আর বলিউডি ছবির জন্য জৌলুসময় এই উৎসবটির ১৭তম আসর বসেছে গত ৩০ অক্টোবর থেকে। জমকালো আয়োজন আর অসাধারণ ছবি প্রদর্শনীর মাধ্যমে ৩০ অক্টোবর শুরু হল এই গুরুত্বপূর্ণ ফেস্টিভালটির যাত্রা। আর সেখানেই নিজের আসন্ন ছবির কাজ নিয়ে মুখ খুললেন ‘থ্রি ইডিয়টস’ নির্মাতা রাজকুমার হিরানি।
বলিউডের অন্যতম অভিনেতা ও নিজের বন্ধু সঞ্জয় দত্তের উপর নির্মিতব্য ‘আত্মজীবনী’ চলচ্চিত্র সম্পর্কে নির্মাতা রাজকুমার হিরানি বলেন, ‘হ্যাঁ। সঞ্জয়ের ছবিটি খুবই ইমোশনাল একটি ছবি হবে। এবং সমানতালে আমার অন্যান্য ছবির মত রসবোধও থাকবে। আমি আসলে আমার ছবিতে রসবোধ সম্পন্ন আর কৌতুহলী মানুষের গল্প বলার চেষ্টা করি। আর সঞ্জয় তার মধ্যে একজন।’
‘মুন্না ভাই’ খ্যাত অভিনেতা সঞ্জয় দত্তের বাস্তব জীবন নিয়ে নির্মিতব্য ছবিটি এরই মধ্যে নাকি স্ক্রিপ্টও চূড়ান্ত করে ফেলেছেন হিরানি। সব ঠিকঠাক থাকলে ২০১৬ সালের প্রথম দিকেই ছবিটির শ্যুটিং শুরু হবে। আর সঞ্জয়ের চরিত্রে জনপ্রিয় অভিনেতা রনবীর কাপুরকে কাস্ট করার খবরতো ইতিমধ্যে সবাই জানেন।
বর্তমানে সঞ্জয় দত্ত মুম্বাই বিস্ফোরণে অবৈধ অস্ত্র রাখার অপরাধে অভিযুক্ত হয়ে জেল খানায় সাজা ভোগ করছেন। ১৯৯৩ সালে সংঘটিত মুম্বাই বিস্ফোরণে জড়িত থাকার অপরাধে ২০১৩ সালের মে মাস থেকে জেল খাটছেন অভিনেতা সঞ্জয় দত্ত। কিন্তু জেলে যাওয়ার পর থেকে নানা অজুহাতে বিভিন্ন সময় প্যারোলে মুক্তি পেয়ে আসছেন তিনি। এরই ধারাবাহিকতায় গত আগস্ট মাসে মেয়ের ইকরার অসুস্থতার কারণ দেখিয়ে প্যারোলে মুক্তির আবেদন করলে আদালত তা মঞ্জুর করে। ফলে ৩০দিনের জন্য প্যারোলে মুক্ত হয়ে পরিবারের সাথে মিলিত হয়েছিলেন সঞ্জয় দত্ত। দীর্ঘ একমাস প্যারোলে মু্ক্ত হয়ে পরিবার, পরিজন আর সন্তানদের সাথে থাকলেও ফের তাদের ছেড়ে জেলখানায় ফিরে গেলেন ‘মুন্না ভাই’ খ্যাত বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্ত। যদিও অনেকেই বলাবলি করছেন, একমাসের জন্য সঞ্জয়ের প্যারোলে মুক্তির কারণ শুধুই হিরানির ছবির সুবিধার জন্য।
উল্লেখ্য, বলিউডে মুন্না ভাই খ্যাত অভিনেতা সঞ্জয় দত্তকে সর্বশেষ আমির খান অভিনীত রাজকুমার হিরানীর ছবি ‘পিকে’-তে দেখা গিয়েছিল।

