স্পোর্টস ডেস্ক : আগামী বৃহস্পতিবার থেকে ব্রিসবেন ক্রিকেট গ্রাউন্ডে শুরু হবে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের টেস্ট সিরিজ। তবে প্রথম দুই টেস্টের জন্য দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ঘোষিত স্কোয়াডে জায়গা পেয়েছেন জো বার্নস ও উসমান খাজা। তবে ১২ সদস্যের দলে জায়গা হয়নি তরুণ ওপেনার ক্যামেরন ব্যানক্রফট ও শন মার্শের।
নয় টেস্ট ক্যারিয়ারের টপঅর্ডার ব্যাটসম্যান খাজা শেষ ম্যাচ খেলেছেন ২০১৩ সালে অ্যাশেজ সফরে। আরেক টপঅর্ডার ব্যাটসম্যান বার্নস দুই টেস্টের ক্যারিয়ারে দুটি অর্ধশতক করেছেন ভারতের বিপক্ষে চলতি বছরের জানুয়ারিতে।
নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজে তিনটি টেস্ট খেলবে অস্ট্রেলিয়া। যার প্রথমটি অনুষ্ঠিত হবে ৫ নভেম্বর। দ্বিতীয় ম্যাচটি পার্থে শুরু হবে ১৩ নভেম্বর। আর তৃতীয় ও শেষ টেস্ট শুরু হবে ২৭ নভেম্বর।
প্রথম দুই টেস্টের অস্ট্রেলিয়া দল: স্টিভেন স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, জো বার্নস, জশ হ্যাজলউড, উসমান খাজা, মিচেল জনসন, নাথান লায়ন, মিচেল মার্শ, পিটার নেভিল, মিচেল স্টার্ক, পিটার সিডল, অ্যাডাম ভোজেস।

