আর্ন্তজাতিক ডেস্ক : রাশিয়াকে সুপারপাওয়ার হিসেবে মানতে রাজি নয় যুক্তরাষ্ট্র। প্রায় আড়াই দশক ধরে বিশ্বে ক্ষমতার কেন্দ্রে ছিল আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়ন। কিন্তু আশির দশকে সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকেই আমেরিকার একাধিপত্য বাড়তে থাকে। তবে এত দিন পর্যন্ত রাশিয়ার শক্তি নিয়ে কোনো ধরনের মন্তব্য করেনি যুক্তরাষ্ট্র। কিন্তু এবার সরাসরি রাশিয়াকে সুপারপাওয়ার হিসাবে অস্বীকার করেছে হোয়াইট হাউজ।
বৃহস্পতিবার হোয়াইট হাউস জানিয়েছে, রাশিয়ার অর্থনীতির হাল মোটেও ভাল নয়। তাদের অর্থনীতি কোনো কোনো ক্ষেত্রে স্পেনের চেয়েও পেছনে পড়ে গেছে। সোভিয়েত ইউনিয়নের পতনের পর তাদের রাজনৈতিক ক্ষমতাও তলানিতে পড়ে গেছে। ফলে রাশিয়া আর কোনো সুপারপাওয়ার নয়। সাবেক সোভিয়েত ইউনিয়ন যে প্রভাব রাখতে সক্ষম হয়েছিল, রাশিয়া সেই প্রভাবও রক্ষা করতে পারেনি।
ইউক্রেনের উপর রাশিয়ার ‘আক্রমণ’ নিয়ে প্রথম থেকেই রাশিয়ার প্রতি অসন্তোষ প্রকাশ করেছিল যুক্তরাষ্ট্র। তার সঙ্গে যোগ হয়েছে সম্প্রতি সিরিয়ায় আসাদের সমর্থনে রাশিয়ার বিমানহামলা। যুক্তরাষ্ট্রের অপছন্দের তালিকার একেবারে শীর্ষে অবস্থান করছেন আসাদ। সেই আসাদকে সমর্থনের বিষয়টি ভালভাবে মেনে নেয়নি যুক্তরাষ্ট্র।
হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জশ আর্নেস্ট সাংবাদিকদের বলেছেন, ‘রাশিয়া আর সুপারপাওয়ার নয়। গত কয়েক সপ্তাহে তাদের অর্থনীতি পর্যবেক্ষণ করে দেখা গেছে তাদের অর্থনৈতিক অবস্থা খুবই দুর্বল এবং আরো অবনতি হচ্ছে।’
সিরিয়ায় রাশিয়ার হামলাকেও এ দিন কটাক্ষ করেছে আমেরিকা। হোয়াইট হাউজের দাবি, আসাদ এবং ইরানকে সমর্থন করে ভুল করছে রাশিয়া।

