নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ থেকে আরো নারী শ্রমিক নেয়ার জন্য সৌদি আরবের রাষ্ট্রদূতকে আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি। একই সঙ্গে বাংলাদেশ থেকে দক্ষ ও আধাদক্ষ কর্মী নেয়ার জন্য সৌদি আরবের প্রশংসা করে দেশটির সরকারকে ধন্যবাদ জানিয়েছেন মন্ত্রী।
বৃহস্পতিবার ইস্কাটনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে সৌদি আরবের রাষ্ট্রদূত আব্দুল্লাহ এইচ এম আল মোতাইরির সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মন্ত্রী বলেন, দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক সবসময় ভালো ছিল এবং ভবিষ্যতেও থাকবে। তাছাড়া আপনারা যে শ্রম আইন সংশোধন করেছেন, সেই আইন প্রবাসী শ্রমিকদের কল্যাণে আসবে। আমাদের নির্মাণ শ্রমিকসহ বিভিন্ন ট্রেডে দক্ষ শ্রমিক আছে। তাই বাংলাদেশ থেকে আরো দক্ষ ও আধাদক্ষ শ্রমিক নেয়ার জন্য আপনার মাধ্যমে (রাষ্ট্রদূত) সৌদি সরকারকে অনুরোধ জানাচ্ছি।
এই সাক্ষাতে মন্ত্রীর সৌদি সফরের বিষয়েও আলোচনা হয়।
সৌদি আরবের রাষ্ট্রদূত আব্দুল্লাহ এইচ এম আল মোতাইরি বলেন, বাংলাদেশ থেকে কর্মী নেয়ার বিষয়ে সৌদি সরকার সবসময় আন্তরিক ছিল এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। এ ব্যাপারে আমি সার্বিক সহযোগিতা করবো এবং এ বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা করবো।
সৌদি রাষ্ট্রদূত আরো বলেন, বাংলাদেশি কর্মীদের আচার-আচরণ ও কর্মদক্ষতার প্রতি আমাদের সরকার ও বিভিন্ন কোম্পানি সন্তুষ্ট। বর্তমানে প্রতিদিনই বাংলাদেশি নারী ও পুরুষ কর্মী সৌদি আরবে যাচ্ছে।
প্রবাসী কল্যাণ মন্ত্রীর আসন্ন সৌদি আরবের সফরকে স্বাগত জানিয়ে তিনি বলেন, এ সফরটি বাংলাদেশের জনশক্তি রপ্তানি ও দুই দেশের সম্পর্কে আরো সুদৃঢ় করে তুলবে। এই সফরের বিষয়ে আমি সার্বিক সহযোগিতার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো। আর এই সফরের মাধ্যমে সে দেশে কর্মী প্রেরণের ক্ষেত্রে বিদ্যামান সমস্যাগুলোর সমাধান সম্ভব হবে।
এ সময় মন্ত্রণালয়ের সচিব ড. খন্দকার ইফতেখার হায়দার, যুগ্মসচিব (কর্মসংস্থান ও শ্রম বাজার গবেষণা) মো. আবদুর রউফ, যুগ্মসচিব (কর্মসংস্থান ও পলিসি) কাজী আবুল কালাম, মন্ত্রীর একান্ত সচিব মো. মোহসিন চৌধুরী এবং সৌদি আরবের চিফ অফ কনসুলেট ডিভিশনের কাউন্সেলর খালিদ বকস্ উপস্থিত ছিলেন।

