আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়া সঙ্কটের ওপর অনুষ্ঠেয় ভিয়েনা আলোচনায় যোগ দিতে রাজি হয়েছে সিরিয়ার প্রেসিডেন্ট বশির আল আসাদের অন্যতম মিত্র দেশ ইরান। সিরিয়া সংক্রান্ত কোনো আন্তর্জাতিক পর্যায়ের আলোচনায় এটিই হচ্ছে তেহরানের প্রথম অংশগ্রহণ।
বুধবার এক বিবৃতিতে ইরান জানিয়েছে, ভিয়েনা বৈঠকে তাদের প্রতিনিধিত্ব করবেন পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জাফরি। ইরান ছাড়াও ওই আলোচনায় আরো অংশ নেবেন যুক্তরাষ্ট্র, রাশিয়া ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীরা। সিরিয়ায় গত চার বছর ধরে চলা গৃহযুদ্ধের অবসানে শুক্রবার অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় এ আলোচনায় মিলিত হতে চলেছেন বিশ্ব নেতারা।
এদিকে ভিয়েনার উদ্দেশে রওয়ানা হওয়ার আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, সিরিয়া সঙ্কটের সমাধান করা অত সহজ নয়। তবে আমরা রাজনৈতিকভাবে একটি সিদ্ধান্তে পৌঁছানোর ইতিবাচক সম্ভাবনা লক্ষ্য করছি।’
সিরিয়া সরকারের বন্ধুপ্রতিম দেশ রাশিয়া ও ইরান বরাবরই আসাদকে ক্ষমতায় রেখে সঙ্কট সমাধানের পক্ষে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যে তাদের অন্যতম মিত্র সৌদি আরব প্রেসিডেন্ট আসাদের পদত্যাগের বিষয়টিকেই সর্বাপেক্ষা গুরুত্ব দিয়ে থাকে। এ নিয়ে মতদ্বৈধতা থাকার কারণেই দীর্ঘ পাঁচ বছর ধরে চলা সিরিয়া গৃহযুদ্ধের সমাধান হচ্ছে না। সিরিয়ার গৃহযুদ্ধ বন্ধে এর আগেও আন্তর্জাতিক সম্প্রদায়ের বেশ কিছু উদ্যোগ ব্যর্থ হয়েছে।
কিন্তু গত ৩০ সেপ্টেম্বর সিরিয়ার জঙ্গিদের বিরুদ্ধে রাশিয়া বিমান হামলা শুরু করার পর এ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। গত সপ্তাহে ভিয়েনায় মিলিত হয়েছিলেন যুক্তরাষ্ট্র, রাশিয়া, সৌদি আরব ও তুরস্কের প্রতিনিধিরা। এর দ্বিতীয় দফা বৈঠক শুরু হতে চলেছে আগামীকাল শুক্রবার থেকে।

