বিনোদন ডেস্ক : সাফল্যের ধারাবাহিকতায় এবার আরো তিন চলচ্চিত্র উৎসবে যাচ্ছে আবু শাহেদ ইমনের ‘জালালের গল্প’। গত ২৬ অক্টোবর থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসে এশিয়ান ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালে মূল প্রতিযোগিতা বিভাগে লড়ছে ‘জালালের গল্প’। জালালের গল্পের প্রতিদ্বন্দ্বী আগামী বছর অস্কারে মনোনয়ন পাওয়া আর তেরোটি এশিয়া মহাদেশের চলচ্চিত্র। ভারতের ‘কোর্ট’, জাপানের ‘১০০ ইয়েন লাভ’, কিরিকিস্তানের ‘হেভেনলি নোম্যাডিক’, থাইল্যান্ডের ‘হাউ টু উইন এট চেকার্স’, ভিয়েতনামের ‘জ্যাকপট’, তুর্কির ‘সিভাস’, জর্জিয়ার ‘মইরা’, নেপালের ‘তালাকযুং ভার্সেস তুলকি’, আফগানিস্তানের ‘ইউটোপিয়া, লেবাননের ‘ভয়েড’, প্যালেস্টাইনের ‘দি ওয়ান্টেড ১৮’, কম্বোডিয়ার ‘দি লাস্ট রিল’, ইরাকের ‘মেমোরিস অন্য স্টোন’, রাশিয়ার ‘আনসল্ভড লাভ’ ও চায়নার ’১২ সিটিজেনস’ ছবিগুলো।
এছাড়াও দক্ষিণ কোরিয়ার ছবি’ দি শেমলেস’ ও তাইওয়ানের ছবি ‘দি এসাসিন’ উৎসবের উদ্বোধনী ও সমাপনি চলচ্চিত্র হিসেবে নির্বাচিত হয়েছে। আগামী ২ নভেম্বর পর্যন্ত চলবে উৎসব। ‘জালালের গল্প’ আগামী ৩০ অক্টোবর এবং ৩১ অক্টোবর ২০১৫ ‘আইপিক ওয়েস্টউড থিয়েটারে’ প্রদর্শিত হবে।
এদিকে, ২ নভেম্বর থেকে ১২ নভেম্বর পর্যন্ত কম্বোডিয়ার ফিনোম পেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে ‘জালালের গল্প’। এবছর প্রায় ৩০০ নির্মাতার ছবি থেকে ৭০টির মত চলচ্চিত্র বিভিন্ন বিভাগে প্রদর্শনের জন্য মনোনীত হয়েছে। এর মধ্যে মাত্র ১৩টি পূর্ণদৈর্ঘ্য কাহিনীর চলচ্চিত্র। উৎসবে ‘জালালের গল্প’র পাশাপাশি বাংলাদেশ থেকে রুবাইয়্যাত হোসেনের পরিচালিত ২য় চলচ্চিত্র ‘ আন্ডার কন্সট্রাকশন’ ছবিটিও উৎসবে দেখানো হবে।
এছাড়াও নভেম্বরের ১২ থেকে ২২ পর্যন্ত ৮ম যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া এশিয়ান আমেরিকান চলচ্চিত্র উৎসবে ‘জালালের গল্প’ অংশ নিচ্ছে। এই উৎসবে পৃথিবীর বিভিন্ন গুরুত্বপূর্ন চলচ্চিত্র নিয়ে সরাসরি দর্শকের সাথে পরিচালকদের প্রশ্ন-উত্তরের মাধ্যমে নতুন ছবি নিয়ে আলোচনা হয়। সিনেমা প্রেমি দর্শক হিসেবে ইতিমধ্যেই এই উৎসবের বিশেষ সুনাম ছড়িয়ে পড়েছে। এ উৎসবে যোগ দিতে ‘জালালের গল্পের’ পরিচালককে আমন্ত্রণ জানানো হয়েছে। এ উৎসবে আগামী ১৫ নভম্বরের ‘জালালের গল্প’ প্রদর্শনীর দিন যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়াতে আবু শাহেদ ইমন উপস্থিত থাকবেন।
উল্লেখ্য, বুসান উৎসবের এশিয়ান সিনেমা ফান্ড পেয়ে ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘জালালের গল্প’ ২০১৪ সালের অক্টোবরে বুসান উৎসবের নবীন নির্মাতাদের নিয়ে প্রতিযোগিতা বিভাগ ’নিউ কারেন্টস’-এ বিশ্বপ্রিমিয়ার করে। এর পর গত এক বছরের বেশি সময় ধরে ভারতের-গোয়া ও জয়পুর, ইরানের-ফজর, ফিজির রাজধানী সুভা, অস্ট্রেলিয়ার মেলবোর্ণ ইন্ডিয়ান উৎসব, পর্তুগালের আভাঙ্কা, কানাডার – মন্ট্রিয়ালওয়ার্ল্ড এবং জার্মানির ম্যানহেইম-হেইডেলবার্গের মত সম্মানজনক চলচ্চিত্র উৎসবগুলোতে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে প্রশংসিত হয়েছে। ২০১৬ সালে বিদেশী চলচ্চিত্র বিভাগের জন্য একাডেমী এওয়ার্ড বা অস্কারেও বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য মনোনীত হয়েছে ছবিটি।

