স্পোর্টস ডেস্ক : দেশের প্রায় সব ধরণের খেলাধুলাতেই পৃষ্ঠপোষকতা করে আসছে ওয়ালটন গ্রুপ। তারই ধারাবাহিকতায় প্রথমবারের মতো যুক্ত হয়েছে টেনিসের সঙ্গে। বাংলাদেশ টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় আগামী ২ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া আন্তর্জাতিক জুনিয়র টেনিস প্রতিযোগিতার পৃষ্ঠপোষক হয়েছে দেশের স্বনামধন্য ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস, অটোমোবাইলস ও হোম অ্যাপ্লায়েন্স প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ালটন। ছয়দিন ব্যাপী এই প্রতিযোগিতা চলবে সাত নভেম্বর পর্যন্ত।
বৃহস্পতিবার এ উপলক্ষ্যে রমনাস্থ জাতীয় টেনিস কমপ্লেক্সে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের ফার্স্ট সিনিয়র এডিশনাল ডিরেক্টর এফএম ইকবাল বিন আনোয়ার (ডন), বাংলাদেশ টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক মীর খুরসিদ আনোয়ার, সহ-সভাপতি মোহাম্মদ আলী দ্বীন ও টুর্নামেন্ট কমিটির ডিরেক্টর লুৎফর রহমান ছান্টুসহ অন্যান্যরা।
সংবাদ সম্মেলনে জানানো হয় এবারের এই ‘ওয়ালটন ২৯তম আন্তর্জাতিক জুনিয়ার টেনিস চ্যাম্পিয়নশিপে’ বাংলাদেশসহ ১৬টি দেশের ১০৪ জন জুনিয়র টেনিস তারকা (ছেলে ৬৮ জন ও মেয়ে ৩৬ জন) অংশ নিচ্ছে। অংশ নেওয়া দেশের মধ্যে রয়েছে বাংলাদেশ, অস্ট্রেলিয়া, কম্বোডিয়া, চীন, গ্রেট ব্রিটেন, জার্মানি, হংকং, ভারত, কোরিয়া, মালয়েশিয়া, নেদারল্যান্ডস, পাকিস্তান, ফিলিপাইন, শ্রীলঙ্কা, সিরিয়া ও চাইনিজ তাইপে।
৩০ ও ৩১ অক্টোবর বাছাইপর্বের খেলা অনুষ্ঠিত হবে। মূল পর্বের খেলা শুরু হবে দুই নভেম্বর থেকে। চলবে সাত নভেম্বর পর্যন্ত। তবে উদ্বোধনী অনুষ্ঠান হবে এক নভেম্বর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের ফার্স্ট সিনিয়র এডিশনাল ডিরেক্টর এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন বাংলাদেশ টেনিস ফেডারেশনের সভাপতি মো. শাহরিয়ার আলম, এমপি (প্রতিমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রণালয়)।
এই প্রতিযোগিতার অফিসিয়াল পার্টনার ওয়ালটন গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল। আর অনলাইন পার্টনার অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি.কম।

