স্পোর্টস ডেস্ক : গেল লা লিগা ম্যাচে এইবার’র বিপক্ষে সহকারী রেফারিকে অপমান করার ঘটনায় বার্সেলোনার আর্জেন্টাইন মিডফিল্ডার হাভিয়ের মাচেরানোকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে লা লিগা কর্তৃপক্ষ। ফলে আগামী ২১ নভেম্বর এল ক্লাসিকোতে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলতে বাধা নেই এই আর্জেন্টাইন তারকার।
গত রোববার লা লিগা ম্যাচে এইবার’র বিপক্ষে খেলার শেষ মুহূর্তে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন হাভিয়ের মাচেরানো। মাঠ ছাড়ার সময় এই কাতালান মিডফিল্ডার রেফারিকে উদ্দেশ্য করে বাজ মন্তব্য করেন, যা টিভির পর্দায় ধরা পড়ে। এই ঘটনায় দোষী সাব্যস্ত হওয়ায় মাচেরানোকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করে লা লিগা কর্তৃপক্ষ।
যদিও অশালীন আচরণের জন্য মাচেরানো চার ম্যাচের জন্য নিষিদ্ধ হবেন বলে অনেকেই আশঙ্কা প্রকাশ করেছিলেন। তবে লা লিগা কর্তৃপক্ষ তাকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করে। ফলে মর্যাদার ক্লাসিকোতে খেলতে পারবেন এই আর্জেন্টাইন মিডফিল্ডার।
এদিকে দুই ম্যাচের নিষেধাজ্ঞার কারণে আগামী দুটি লা লিগা ম্যাচে গেটাফে ও ভিয়ারিয়েলের বিপক্ষে খেলতে পারবেন না হাভিয়ের মাচেরানো। আগামী ৩১ অক্টোবর লা লিগা ম্যাচে প্রতিপক্ষের মাঠে গেটাফের মুখোমুখি হবে লুইস এনরিকের বার্সেলোনা। এরপর ৮ নভেম্বর ঘরের মাঠ ন্যু-ক্যাম্পে শক্তিশালী ভিয়ারিয়েলকে আতিথ্য দিবে কাতালানরা।
প্রসঙ্গত, আগামী ২১ নভেম্বর মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে সান্তিয়াগো বার্নাব্যুতে স্বাগতিক রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে গত মৌসুমের ট্রেবলজয়ী বার্সেলোনা।

