স্পোর্টস ডেস্ক : ভারতের ১৯৮৩ বিশ্বকাপজয়ী দলের সদস্য এবং সাবেক প্রধান নির্বাচক মহিন্দর অমরনাথ বলে দিলেন, মহেন্দ্র সিং ধোনির দিন শেষ। সময় এখন বিরাট কোহলির। তিনি মনে করেন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ হার ধোনির নেতৃত্বেরও শেষের ইঙ্গিত।
টাইমস অব ইন্ডিয়ায় নিজের কলামে অমরনাথ লিখেছেন, এখন সময় বিরাট কোহলির সব ফরম্যাটে নেতৃত্ব দেওয়ার, ‘কোহলির হাত ধরে ভারতীয় ক্রিকেট নতুন মোড় নেবে। সাম্প্রতিক সিরিজগুলোতে দেখা গিয়েছে, কোহলি ভালো করলে দলও ভালো করেছে।’
২০১৫ সালটা অধিনায়ক ধোনির মোটেও ভালো কাটেনি। তার নেতৃত্বে একটি সিরিজও জিততে পারেনি ভারত। জানুয়ারিতে তিন জাতি সিরিজ হারের পর ধোনির দলের বিশ্বকাপ শেষ হয়েছে সেমি-ফাইনালে গিয়ে। জুনে বাংলাদেশ সফরেও ২-১ ব্যবধানে সিরিজ বিসর্জন দিতে হয়েছে। দক্ষিণ আফ্রিকার সঙ্গে টি-২০ সিরিজ হারের পর ভারতকে ওয়ানডে সিরিজও হারতে হয়েছে।
ধোনির নেতৃত্বের শেষের কথা অনেক আগে থেকেই বলে আসছিলেন অমরনাথ। ২০১১-২০১২ মৌসুমে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার বিপক্ষে আট টেস্ট হারের পর ধোনিকে সরে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন। ২০১৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৩-১ এ হারার পর আবার ধোনিকে সরানোর কথা বলেছিলেন অমরনাথ।
তার যুক্তি, ‘ধোনি রক্ষণাত্মক অধিনায়ক। সে প্রতিপক্ষকে ম্যাচে ফেরার সুযোগ করে দেয়। অন্য ভারতীয় অধিনায়কের চেয়ে ঘরের মাঠে ধোনির রেকর্ড দারুণ সমৃদ্ধ। এটা বিশেষ কিছু নয়। আমাদের দরকার আক্রমণাত্মক অধিনায়কের।’
ভারতীয় ক্রিকেটে সবচেয়ে ভাগ্যবান ক্রিকেটার ধোনি এই মুহূর্তে পায়ের নিচে ঠিকঠাক মাটি খুঁজে পাচ্ছেন না। এমন পরিস্থিতিতে টিম ইন্ডিয়া’র প্রধান নির্বাচক হিসেবে আবার ফিরতে যাচ্ছেন অমরনাথ। ৯ নভেম্বর বিসিসিআইয়ের বার্ষিক সভায় ঠিক হয়ে যেতে পারে সাবেক এই ক্রিকেটারের ফেরার বিষয়টি।
প্রধান নির্বাচক থাকার সময় অমরনাথের সঙ্গে ধোনির সম্পর্ক মোটেও ভালো ছিল না। ২০১২ সালে ধোনিকে নেতৃত্ব থেকে সরানোর কথা বলে তখনকার বিসিসিআই প্রেসিডেন্ট এন শ্রীনিবাসনের বিরাগভাজন হন অমরনাথ। এর জেরে তাকেই সরে যেতে হয়। এখন আবার ফিরতে যাচ্ছেন অমরনাথ। সেটা হলে দু’জনের লড়াই জমবে বৈকি!

