নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের অধীনে ১ম বর্ষ সম্মান শ্রেণীতে ভর্তি পরীক্ষা আগামী শুক্রবার অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল ১০টা থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত চলবে এ পরীক্ষা।
বুধবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভর্তি পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৫৬টি ও ক্যাম্পাসের বাইরে ঢাকা শহরের ২০টি স্কুল-কলেজসহ মোট ৭৬টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এ বছর ১ হাজার ৬৬০টি আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ৭১ হাজার ৩৫০ জন।
এদিকে পরীক্ষাটি সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে ছাত্র-ছাত্রীসহ সংশ্লিষ্ট সকলকে পরীক্ষার হলে ক্যালকুলেটর, মোবাইল ফোন বা টেলিযোগাযোগ করা যায় এরূপ কোন ইলেক্ট্রনিক ডিভাইস বা যন্ত্র নিয়ে হলে প্রবেশের উপর নিষেধ করা হয়েছে।

