নিজস্ব প্রতিবেদক : ইতালীয় নাগরিক সিজার তাভেল্লা খুনে জড়িত থাকার অভিযোগে আটকরা জিজ্ঞাসাবাদে যে ‘বড় ভাই’ এর কথা উল্লেখ করেছেন তা নিয়ে মঙ্গলবার সারা দিনই নানা জল্পনা কল্পনা চলেছে। তবে শেষ পর্যন্ত এই জল্পনার এক প্রকার অবসান ঘটালেন স্বয়ং স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
মঙ্গলবার দিবাগত রাতে একটি বেসরকারি চ্যানেলে দেয়া লাইভ সাক্ষাৎকারে তিনি বলেন, বাড্ডার আলোচিত বিএনপি নেতা সাবেক ওয়ার্ড কমিশনার আবদুল কাইয়ুমই এই খুনের ‘বড় ভাই’ বলে মনে করছে সরকার। বিএনপির এ নেতা প্রায় এক বছর ধরে মালয়েশিয়ায় অবস্থান করছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী অবশ্য এ কথা বলেছেন মঙ্গলবার একটি জাতীয় দৈনিকের প্রতিবেদনের বরাত দিয়েই। তিনি সকালে সচিবালয়ে সাংবাদিকদের সামনেও এই প্রতিবেদনের সঙ্গে তার সহমতের কথা জানিয়েছিলেন।
টিভিতে বক্তব্য দেয়ার পর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, তাভেল্লা হত্যায় বিএনপি নেতা কাইয়ুম জড়িত এ কথা তিনি সরাসরি বলেননি। তবে পত্রিকার ওই প্রতিবেদনের সঙ্গে তিনি একমত এ কথা স্বীকার করেছেন।
দৈনিকটির ওই প্রতিবেদনে গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে দাবি করা হয়, দুই বিদেশি নাগরিক খুনের ঘটনায় একজন নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট সদস্যরা দু’জন ‘বড় ভাই’য়ের সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে। এর মধ্যে রংপুরে জাপানি নাগরিক হোশি কুনিও হত্যাকাণ্ডের নেপথ্য মাস্টার মাইন্ডের ভূমিকায় ছিলেন ছাত্রদলের সাবেক সভাপতি হাবিব উন নবী খান সোহেল। আর ঢাকায় ইতালি নাগরিক তাভেল্লা সিজারি হত্যাকাণ্ডের কুশীলব বাড্ডার আলোচিত বিএনপি নেতা সাবেক ওয়ার্ড কমিশনার আবদুল কাইয়ুম।

