স্পোর্টস ডেস্ক : বিপিএলের তৃতীয় আসরের জন্য সাকিব আল হাসান, সৌম্য সরকার, ওয়াহাব রিয়াজ, তিলকারত্ন দিলশানকে দলে ভিড়িয়ে তারার মেলা বসিয়েছে রংপুর রাইডার্স। পিছিয়ে নেই কোচ নিয়োগেও। বাংলাদেশ জাতীয় দলের সাবেক বোলিং কোচ শেন জার্গেনসেনকে বিপিএলের আসন্ন আসরের জন্য নিয়োগ দিয়েছে তারা।
রংপুর রাইডার্সে শেন জার্গেনসেনের সহকারি হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক স্পিনার মোহাম্মদ রফিক। গেল সপ্তাহে তাকে সহকারি কোচ হিসেবে চূড়ান্ত করে রংপুর।
এর আগে বরিশাল বুলস সাবেক শ্রীলংকান কোচ গ্রাহাম ফোর্ডকে কোচ হিসেবে নিয়োগ দেয়। ঢাকা ডিনামাইটসের বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার জ্যাকব ওরাম। আর প্রধান কোচের দায়িত্ব পালন করবেন অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার সাবেক কোচ মিকি আর্থার। চট্টগ্রাম ভাইকিংসের কোচ হিসেবে রবিন সিংকে চূড়ান্ত করা হয়।
এদিকে ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও রংপুর বিদেশি কোচ নিয়োগ দিলেও দেশি কোচদের ওপরই ভরসা করেছে সিলেট সুপার স্টারস ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সিলেটের কোচের দায়িত্ব পালন করবেন সারোয়ার হোসেন। আর কুমিল্লা কোচের দায়িত্ব দিয়েছে মোহাম্মদ সালাউদ্দিনকে।
প্রায় দেড় বছর দায়িত্ব পালন করার পর গত বছরের মে মাসে বাংলাদেশ দলের প্রধান বোলিং কোচের দায়িত্ব ছেড়ে চলে যান শেন জার্গেনসেন। তার অধীনেই বাংলাদেশ দল নিউজিল্যান্ডকে ওয়ানডে সিরিজে হোয়াইওয়াশ করে এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজ জয় করে।
আগামী ২০ নভেম্বর বিপিএলের তৃতীয় আসরের উদ্বোধন হওয়ার পর ২২ নভেম্বর থেকে মাঠের লড়াই শুরু হবে। আসন্ন বিপিএলকে সামনে রেখে ইতোমধ্যেই অংশগ্রহণকারী ছয়টি দল তাদের দল গঠন করেছে। এখনো পর্যন্ত রংপুরে রাইডার্স দেশি ও বিদেশি ক্রিকেটারদের মধ্যে যাদের দলে নিশ্চিত করেছে তারা হলেন-
দেশি ক্রিকেটার: সাকিব আল হাসান (আইকন), সৌম্য সরকার, আরাফাত সানি, মোহাম্মদ মিথুন, সাকলাইন সজীব, মুক্তার আলি, জহুরুল ইসলাম অমি, আবু জায়েদ চৌধুরী, মুরাদ খান।
বিদেশি ক্রিকেটার: সাচিত্রা সেনানায়েকে (শ্রীলঙ্কা), মোহাম্মদ নবী (আফগানিস্তান), ওয়াহাব রিয়াজ (পাকিস্তান), ড্যারেন স্যামি, লেন্ডল সিমন্স, তিলকারত্নে দিলশান, থিসারা পেরেরা।

