ঢাকাTuesday , 27 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাকিবের শীর্ষস্থান অক্ষুণ্ণ
শীর্ষে ফিরলেন রুট, বোলিংয়ে ইয়াসির দ্বিতীয়

Link Copied!

Shakibস্পোর্টস ডেস্ক : ইংল্যান্ড ব্যাটসম্যান জো রুট টেস্ট ব্যাটিং র‌্যাংকিংয়ের শীর্ষস্থান পুনর্দখল করলেন। অস্ট্রেলিয়ান টেস্ট অধিনায়ক স্টিভেন স্মিথকে টপকে তিনি শীর্ষে ফিরলেন। অন্যদিকে বোলিংয়ে দুর্দান্ত পারফরম্যান্স অব্যাহত রাখার পুরস্কারস্বরূপ পাকিস্তানের লেগ-স্পিনার ইয়াসির শাহ টেস্টে দ্বিতীয় সেরা বোলারের তালিকায় উঠে আসেন। শ্রীলংকা-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার কলম্বো টেস্ট এবং পাকিস্তান-ইংল্যান্ডের মধ্যকার দুবাই টেস্টের পর মঙ্গলবার সকালে আইসিসি প্রকাশিত র‌্যাংকিংয়ে এই রদবদল হয়।
অন্যদিকে টেস্ট, ওয়ানডে ও টি-২০ তিন ফরম্যাটেরই অলরাউন্ডারদের তালিকায় পরিষ্কার ব্যবধানে শীর্ষে রয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। টেস্টে ৩৭, ওয়ানডেতে ৩৯ এবং টি-২০ তে ৭৮ রেটিং পয়েন্ট এগিয়ে থেকে অলরাউন্ডারদের তালিকায় যথারীতি শীর্ষে রয়েছেন সাকিব।
বোলারদের তালিকায়ও সাকিব আল হাসান উজ্জ্বল। ওয়ানডে ও টি-২০ তে বোলারদের র‌্যাংকিংয়ে শীর্ষ দশে রয়েছেন সাকিব। ওয়ানডেতে চার নম্বরে এবং টি-২০ তে ছয় নম্বরে রয়েছেন দেশসেরা ক্রিকেটার। সেই তুলনায় টেস্টে কিছুটা পিছিয়ে রয়েছেন তিনি। টেস্ট বোলারদের র‌্যাংকিংয়ে ১৮তম স্থানে রয়েছেন সাকিব।
দুবাই টেস্টের দুই ইনিংসে ৮৮ ও ৭১ রান করার সুবাদে স্টিভেন স্মিথকে টপকে ব্যাটসম্যানদের র‌্যাংকিংয়ের শীর্ষস্থান পুনর্দখল করলেন জো রুট। ৯১৩ পয়েন্ট নিয়ে রুট ব্যাটিংয়ের র‌্যাংকিংয়ে শীর্ষে রয়েছেন। দুইয়ে নেমে যাওয়া স্মিথের পয়েন্ট ৯১০।
দুবাই টেস্ট শুরুর আগে স্টিভেন স্মিথের চেয়ে ১০ পয়েন্ট পিছিয়ে ছিলেন জো রুট। তবে দুবাই টেস্টে দারুণ ব্যাটিং করে স্মিথকে তিন পয়েন্ট পেছনে ফেললেন এই ইনফর্ম ইংলিশ ব্যাটসম্যান। পাকিস্তানের বিপক্ষে আগামী রোববার থেকে শুরু হতে যাওয়া শারজাহ টেস্টে ভালো করতে না পারলে শীর্ষস্থান ফের হারাতে পারেন গত আগস্টে প্রথমবারের মতো টেস্ট ব্যাটসম্যানদের র‌্যাংকিংয়ের শীর্ষে উঠা জো রুট।
জো রুটের মতো পাকিস্তানের ইউনিস খান, মিসবাহ-উল-হক এবং আসাদ শফিক দুর্দান্ত ব্যাটিংয়ের পুরস্কার পেয়েছেন। দুবাই টেস্টের দুই ইনিংসে ৫৬ ও ১১৮ রান করা ইউনিস ব্যাটসম্যানদের র‌্যাংকিংয়ে শীর্ষ পাঁচে ফিরলেন। ইউনিস রয়েছেন পাঁচ নম্বরে। দারুণ ব্যাটিংয়ের সুবাদে ইউনিস ও আসাদ শফিক শীর্ষ ১২ তে ঢুকলেন। দুবাই টেস্টের দুই ইনিংসে ১০২ ও ৮৭ রান করার সুবাদে পাকিস্তানের টেস্ট অধিনায়ক মিসবাহ চলে এসেছেন ১১ নম্বরে।
অন্যদিকে দুবাই টেস্টের দুই ইনিংসে যথাক্রমে ৮৩ ও ৮৭ রান করায় ৪৩ পয়েন্ট লাভ করেন আসাদ শফিক, যা তাকে ক্যারিয়ার-সেরা ১২তম স্থানে নিয়ে এসেছে। বিরাট কোহলি, রস টেলর, চন্দরপল, ব্রেন্ডন টেলর ও ফাফ ডু প্লেসিস এর মতো তারকাদের ওপরে রয়েছেন শফিক।
এদিকে দুবাই টেস্ট দু’হাত ভরে দিয়েছে পাকিস্তানের লেগ-স্পিনার ইয়াসির শাহকে। সোমবার শেষ হওয়া টেস্টে ১৮০ রানের বিনিময়ে আট উইকেট লাভ করে ২৫ পয়েন্ট লাভ করেছেন তিনি, যা ইয়াসিরকে ক্যারিয়ার-সেরা দ্বিতীয় স্থানে নিয়ে এসেছে। টেস্ট বোলারদের মধ্যে শীর্ষে থাকা ডেল স্টেইনের পরই রয়েছেন ইয়াসির শাহ। জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড ও ট্রেন্ড বোল্টদের টপকে তিনি দ্বিতীয় স্থানে উঠে এসেছেন।
ওয়েস্ট ইন্ডিজকে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজে পরাজিত করা সত্ত্বেও আইসিসির টেস্ট র‌্যাংকিংয়ে কোনো পরিবর্তন হয়নি শ্রীলংকার।  লংকানরা রয়েছে সপ্তম স্থানে। অন্যদিকে শ্রীলংকার কাছে হোয়াইটওয়াশ হওয়া ক্যারিবিয়ানরা আগের মতো অষ্টম স্থানেই রয়েছে।
এদিকে টেস্ট র‌্যাংকিংয়ের চতুর্থ স্থানে থাকা পাকিস্তানের সামনে দ্বিতীয় স্থানে উঠার সুবর্ণ সুযোগ রয়েছে। এজন্য ইংল্যান্ডকে তিন ম্যাচ টেস্ট সিরিজের তৃতীয় টেস্টে তথা শারজাহ টেস্টে পরাজিত করতে হবে পাকিস্তানের। তাহলে মিসবাহর দলের রেটিং পয়েন্ট অস্ট্রেলিয়ার সমান ১০৬ হবে, কিন্তু ভগ্নাংশের ব্যবধানে অসিদের পেছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে যাবে পাকিস্তান।
এদিকে শারজাহ টেস্টে যদি পাকিস্তানকে পরাজিত করে সিরিজ ড্র করতে পারে ইংল্যান্ড, তবে পাকিস্তান ও ইংল্যান্ড আগের র‌্যাংকিংয়ে বহাল থাকবে। অর্থাৎ পাকিস্তান চতুর্থ ও ইংল্যান্ড তৃতীয় স্থানে থাকবে। আর যদি শারজাহ টেস্ট ড্র হয়, তবে ইংল্যান্ড তৃতীয় স্থান থেকে নেমে যাবে পাঁচে। আর পাঁচে থাকা ভারত উঠে আসবে চারে এবং চার থেকে পাকিস্তান উঠে যাবে তিনে।