
স্পোর্টস ডেস্ক : এক নারী চলচ্চিত্র নির্মাতার সঙ্গে অশোভন আচরণের ঘটনায় ভারতীয় জাতীয় দলের লেগ-স্পিনার অমিত মিশ্রকে গ্রেফতার করেছে ব্যাঙ্গালুরু পুলিশ। মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১০টা ৪৫ মিনিট থেকে মিশ্রকে তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে আটক করা হয়। আটকের কিছুক্ষণ পর অবশ্য জামিনে ছাড়া পান তিনি।
এর আগে গত ২১ অক্টোবর অমিত মিশ্রর বিরুদ্ধে সমন জারি করে করে ব্যাঙ্গালুরু পুলিশ। মঙ্গলবার সেই সমনের সাড়া দিতে গিয়ে তিন ঘণ্টা পুলিশি জেরা শেষে আটক হন এই ভারতীয় ক্রিকেটার। পরে তাকে জামিনে মুক্তি দেয়া হয়।
বন্দনা নামের অমিত মিশ্রর এক বান্ধবী ও চলচ্চিত্র নির্মাতা অশোক নগর পুলিশের কাছে অভিযোগ করেন, ৩২ বছর বয়সী ভারতীয় জাতীয় দলের ডাহনাতি স্পিনার অমিত মিশ্র গত ২৫ সেপ্টেম্বর দক্ষিণ বেঙ্গালুরুর একটি বিলাসবহুল হোটেলে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। সেসময় ভারতীয় দলের সঙ্গে বেঙ্গালুরুতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজের জন্য ট্রেনিং ক্যাম্পে ছিলেন মিশ্র।
যদিও এর আগে মামলা তুলে নেয়ার ঘোষণা দিয়েছেন বন্দনা। পিটিআইকে দেয়া এক সাক্ষাৎকারে কিছুদিন আগে ওই নারী বলেন, ‘অভিযোগ করার দুদিন পর আমি পুলিশকে মামলা তুলে নেয়ার কথা জানাই। আমি মিশ্রর পুলিশ স্টেশনে আসার অপেক্ষা করছি। আমরা দুজন আপসে মামলা অভিযোগ তুলে নিবো। আমরা দুজন বন্ধু ছিলাম। আমরা দুজন মারামারি-হাতাহাতিতে জড়িয়েছি। তবে আমাদের বন্ধুত্বের সস্পর্ক অটুট থাকবে।’

