রংপুর প্রতিনিধি : ৭ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জনের যে লক্ষ্যমাত্রা তা অর্জন করা মোটেই কষ্টকর হবে না। তবে এই প্রবৃদ্ধিতে সবার যেন ভাগ থাকে সেভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান।
শনিবার রাতে রংপুর আর্মি মেডিকেল কলেজ ক্যাফেটেরিয়া প্রাঙ্গণে রংপুর ব্যাংকার্স ক্লাব আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে গভর্নর এ প্রত্যয় ব্যক্ত করেন।
আতিউর রহমান বলেন, ‘আমাদের প্রবৃদ্ধির যে লক্ষ্য, আমার মনে হয় তা আমরা সহজেই অর্জন করতে পারবো। আইএমএফ (আন্তর্জাতিক মুদ্রা তহবিল) নিজেই বলেছে এটি হবে ৬ দশমিক ৮ শতাংশ। এ থেকে ধারণা করা যায় আমরা নির্ধারিত লক্ষ্য অর্জন করতে পারবো। কারণ আমরা আইএমএফ থেকে সব সময় একটু এগিয়ে থাকি।’
‘তাই বলছি সাত শতাংশ প্রবৃদ্ধি অর্জন করা আমাদের জন্য মোটেই কষ্টকর হবে না। কিন্তু প্রবৃদ্ধি অর্জন করলেই যথেষ্ট হবে না। এই প্রবৃদ্ধির ভাগ যেন সকলে পায়। এটি হবে আমাদের জন্য বড় চেলেঞ্জ। আমাদের যে উন্নয়ন ঘটবে, যে প্রবৃদ্ধি ঘটবে, তা যেন আমরা সকলে মিলে ভাগ করে খেতে পারি। এটি হবে আমাদের বড় চেলেঞ্জ। সবাই মিলে আমাদের ভাগিদার হতে হবে। সেই কারণেই আমরা উত্তর বঙ্গে এসেছি- বলে জানান গভর্নর।’
মঙ্গাপীড়িত অঞ্চল হিসেবে রংপুরের পরিচয়টা একসময় ইতিহাস হয়ে যাবে উল্লেখ করে আতিউর রহমান বলেন, ‘যেসব এলাকা পেছনে পড়ে রয়েছে সেগুলোতে আরও বেশি অর্থায়ন করে বেশি বেশি উদ্যোক্তা তৈরির কাজ করতে হবে। ব্যাংকগুলোকে বেশি করে সেসব এলাকায় অর্থায়নের আনুরোধ করছি। কারণ আমরা যত বেশি মানুষকে কাজের মধ্যে নিয়ে আসতে পারবো আমাদের অর্থনীতি তত বেশি শক্তিশালী হবে।’
এর আগে বাংলাদেশ ব্যাংকের রংপুর অফিসে গভর্নর একটি কনফারেন্স রুম, ই-লাইব্রেরি, গভর্নর গেস্ট হাউজ ও রংপুরের নারী উদ্যোক্তাদের নিয়ে তৈরি করা একটি ডাটাবেইজের উদ্বোধন করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক ম. মাহফুজুর রহমান, মহাব্যবস্থাপক এস এম রবিউল হাসান, এ এফ এম আসাদুজ্জামান, রংপুর শাখার মহাব্যবস্থাপক খুরশিদ আলমসহ আরো অনেকে।


