অর্থনৈতিক প্রতিবেদক : ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের বিভিন্ন আর্থিক হিসাবের বিবরণী জমা সহজ করেছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে বিভিন্ন আর্থিক তথ্য (স্টেটমেন্ট অব অ্যাফেয়ার্স) প্রতি মাসের পরিবর্তে ত্রৈমাসিকভিত্তিতে পাঠাতে হবে। একই সঙ্গে প্রতি মাসের তারল্যের বিবরণী শুধু অনলাইনে পাঠালেই চলবে।
মঙ্গলবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে প্রতিষ্ঠানগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এতোদিন প্রতি মাসের সম্পত্তি, দায়, মুনাফাসহ বিভিন্ন তথ্য পরবর্তী মাসের ৭ দিনের মধ্যে পাঠাতে হতো। তবে এতো কম সময়ে এসব প্রস্তুত না হওয়ায় বেশিরভাগ ক্ষেত্রে তারা ধারণাভিত্তিক তথ্য দিতো। এমন পরিস্থিতিতে আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের পক্ষ থেকে প্রতি মাসের পরিবর্তে ত্রৈমাসিকভিত্তিতে তথ্য নেয়ার অনুরোধ করা হয়। তাদের দাবির পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানা যায়।
এখন থেকে আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রতি মাসের তারল্যের বিবরণী হার্ড কপির পরিবর্তে আরআইটির মাধ্যমে অনলাইনে পাঠালেই চলবে। পরবর্তী মাসের ৭ কর্মদিবসের মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের ওয়েব পোর্টালের মাধ্যমে তথ্য পাঠাতে হবে। আগামী নভেম্বর মাস থেকে অক্টোবর মাসের বিবরণী পাঠাতে হবে। প্রথম তিন মাস যেমন অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বরের বিবরণী ওয়েব পোর্টালের পাশাপাশি একটি প্রিন্টেড কপি পাঠানোর নির্দেশনা দেয়া হয়েছে।

